কাজ শুরু করেছে জাতিসংঘ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণসহ অন্যান্য তথ্য সংগ্রহের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে চারটি দলে ভাগ হয়ে দলের সদস্যরা বনের চাঁদপাই রেঞ্জে তেল ছড়িয়েছে এমন এলাকার মাটি, পানি, উদ্ভিদ, কাঁকড়া ও মাছের নমুনা সংগ্রহ করেন। তাঁরা তেল অপসারণের কাজে জড়িত স্থানীয় লোকজন এবং মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহকারী জেলেদের সঙ্গে কথা বলেন।
অ্যামিলিয়া ওয়াল স্টর্মের নেতৃত্বে ২৫ সদস্যের দলটি চারটি আক্রান্ত এলাকার জলজ প্রাণী, উদ্ভিদ, তেল ছড়ানো নিয়ন্ত্রণ এবং বনজীবীদের জীবন-জীবিকা ও স্বাস্থ্যগত প্রভাবের বিষয়ে অনুসন্ধান করছে।
বিশ্বের বিভিন্ন দেশের ১৪ জন বিশেষজ্ঞ এ দলে আছেন। দলে আরও রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের অধ্যাপক শাহাদাত হোসেন ও সাইদুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানিবিশেষজ্ঞ বদরূল ইমাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের অধ্যাপক খন্দকার আনিসুল হক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভবিশেষজ্ঞ এম মাসুদুর রহমান এবং সুন্দরবনের পূর্ব-পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা আমীর হুসাইন চৌধুরী ও মো. জাহিদুল কবির। ডলফিনবিশেষজ্ঞ ব্রায়ান ডি স্মিথও এই দলে কাজ করছেন। পাঁচ দিনের কাজ শেষে বিশেষজ্ঞ দলটি ৩০ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে।
এদিকে আজ আক্রান্ত এলাকা পরিদর্শনে আসছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব নজিবুর রহমান। দুপুরের পর জাতিসংঘ দলের সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে।