কাজ শুরু করেছে নির্বাচন কমিশনের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটারদের বাধাদান, ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল রোববার তদন্তকাজ শুরু করেছেন। ৪ জুন ষষ্ঠ ধাপে রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল বেলা সাড়ে তিনটায় বরকল উপজেলা সার্ভার স্টেশন কার্যালয়ে মো. আবদুল বাতেন বলেন, ‘ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কিছু অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ বা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন আবদুল বাতেন। এ সময় তিনি কয়েকজন পাহাড়ি ভোটারের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সুচমিকা চাকমা। পরে বেলা সাড়ে ১১টার দিকে বরকল সার্ভার স্টেশনে তিনি বিজিবির ছোট হরিণা জোনের অধিনায়ক লে. কর্নেল শাহাবুদ্দিন ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব আলম ও বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিলু কুমার বড়ুয়ার সঙ্গে কথা বলেন এবং তাঁদের সাক্ষ্য নেন।
জনসংহতি সমিতি ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে বরকল উপজেলায় ৬ জুন থেকে টানা আট দিন হাটবাজার বর্জন ও নৌপথ অবরোধ এবং রাঙামাটি জেলায় ১২ জুন থেকে ৩৬ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে।
ভূষণছড়া ইউপি নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশীদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। একটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, ফলাফল পরিবর্তন বা পুনর্নির্বাচন দেওয়া হলে আন্দোলন গড়ে তোলা হবে।
অপরদিকে জনসংহতি সমিতি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা বলেন, যেভাবে নির্বাচনে ভোট জালিয়াতি করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পুনর্নির্বাচন দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।