কাজ শুরু করেছে পুলিশের নতুন গোয়েন্দা ইউনিট
সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন গোয়েন্দা শাখা কাজ শুরু করেছে। ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স ইউনিট’ (সিআইইউ) নামে নতুন এই গোয়েন্দা শাখা আগাম তথ্যের ভিত্তিতে গত এক বছরে রাজধানীতে জঙ্গি, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ীসহ ৩৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।ডিএমপির সূত্র জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতার ব্যাপারে আগাম তথ্য সংগ্রহ করে দ্রুত ডিএমপির অপরাধ বিভাগের কাছে সরবরাহ করার জন্য গত বছরের মার্চে সিআইইউ গঠন করা হয়।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, সিআইইউর আগাম তথ্যের ভিত্তিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারী গ্রেপ্তার করা এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাচ্ছে। তিনি জানান, সিআইইউর আগাম তথ্যের কারণে তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঠেকানো এবং পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণেও উপকার পাওয়া যাচ্ছে।পুলিশের নতুন এ গোয়েন্দা শাখা বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আস্তানা, তৎপরতা, মাদক বিক্রেতাদের আখড়া এবং ছিনতাইকারী চক্রের ব্যাপারে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।ডিএমপির সদর দপ্তরে সিআইইউর কার্যালয় স্থাপন করা হয়েছে। একজন সহকারী পুলিশ কমিশনারকে প্রধান করে ১১০ সদস্যের এই শাখাটিতে চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ১৬ জন নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), চারজন নারী এসআই, ৭০ জন কনস্টেবল (প্রতি থানা থেকে দুজন), আটজন নারী কনস্টেবল, দাপ্তরিক ও বিবিধ কাজের জন্য আরও সাতজন পুলিশ সদস্য আছেন।সিআইইউর প্রধান সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান (এসি) প্রথম আলোকে জানান, সিআইইউর সংগৃহীত তথ্যের ভিত্তিতে গত বছরের ২৭ ডিসেম্বর উত্তরা এলাকা থেকে জেএমবির জঙ্গি ওহাব গ্রেপ্তার হন। এ ছাড়া গত ১০ মাসে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্য, অবৈধ অস্ত্রধারীসহ ৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে।মিজানুর রহমান জানান, বিভিন্ন উৎস পাওয়া থেকে তথ্যের ভিত্তিতে সিআইইউ ডিএমপি এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্র (অজ্ঞান পার্টি, মলম পার্টি, গাড়িচোর), নিষিদ্ধঘোষিত জঙ্গি, চরমপন্থী সংগঠনগুলোর কার্যক্রম, পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের কাজে লিপ্ত ষড়যন্ত্রকারীদের বিষয়ে গোপনে আগাম সংবাদ সংগ্রহ করে মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সব উপকমিশনারকে তথ্য-সহায়তা দিয়ে আসছে।সিআইইউর কার্যপরিধি: সিআইইউর কার্যপরিধিতে বলা হয়েছে, তারা সংঘবদ্ধ অপরাধী চক্র, নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন এবং চরমপন্থী সংগঠনগুলোর কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য (ছবি, ভিডিওচিত্রসহ) সংগ্রহ ও সংরক্ষণ করবে। পাশাপাশি এসব সংগঠনের পৃষ্ঠপোষক ও মদদদানকারী বিশেষ প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়ে গোপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। সিআইইউ পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করার কাজে নিয়োজিত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী ও তাদের কর্মকাণ্ডের বিষয়ে অগ্রিম তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে। পেশাদার অপরাধীদের (খুনি, ডাকাত, ছিনতাইকারী, গাড়িচোর, অজ্ঞান পার্টি, মলম পার্টি) অপরাধ সংঘটন অনুসারে এবং সম্পত্তি-সংক্রান্ত অপরাধগুলোর পৃথক তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করবে। সিআইইউ থেকে মামলার তদন্ত কর্মকর্তারা চাহিদা অনুযায়ী সব তথ্য সংগ্রহ করতে পারবেন। সিআইইউ তথ্য প্রদানের ক্ষেত্রে ‘ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করবে।