কাজ শুরু না হতেই ৫ কোটি টাকা ছাড়, প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের প্রশাসনিক ও ডরমেটরি ভবন নির্মাণের কাজ শুরুই হয়নি। অথচ ঠিকাদারকে পাঁচ কোটি ৬৬ লাখ টাকা দিয়েছে গাইবান্ধা গণপূর্ত বিভাগ।এ ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম জালাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অগ্রিম অর্থ দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ার পর পূর্ত মন্ত্রণালয় গত বুধবার নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত করে। গণপূর্ত বিভাগের রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার অগ্রিম অর্থ প্রদান ও নির্বাহী প্রকৌশলীকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পূর্ত মন্ত্রণালয় ২০১০-১১ অর্থবছরে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের জন্য প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে প্রশাসনিক ও ডরমেটরি ভবন নির্মাণ কাজের দায়িত্ব পান বগুড়ার ঠিকাদার মোমিনুল ইসলাম। এ দুটি কাজের প্রাক্কলন ছিল প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নের শুরুতেই নির্বাহী প্রকৌশলী বিধিবহির্ভূতভাবে প্রকল্পের প্যাকেজ দরপত্র আহ্বান না করে প্রতিটি কাজের পৃথক দরপত্র আহ্বান করেন। কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, শুধু প্রশাসনিক ভবন নির্মাণের জন্য প্রকাশ্য দরপত্র আহ্বান করা হয়। বাকি কাজগুলোর দরপত্র আহ্বান করা হয় গোপনে।ওই সব অভিযোগ তদন্তে সম্প্রতি পূর্ত মন্ত্রণালয়ের মনিটরিং সেলের উপসচিব হেদায়েত উদ্দীনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। কমিটি গত বৃহস্পতিবার গাইবান্ধায় এসে তদন্ত করে ঠিকাদারকে অগ্রিম অর্থ দেওয়ার প্রমাণ পায়।ঠিকাদার মোমিনুল ইসলাম কাজ শুরুর আগে অর্থ নেওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প এলাকায় আমার তিন থেকে চার কোটি টাকার মালামাল এবং যন্ত্রপাতি রয়েছে। তাই অগ্রিম অর্থ নিয়েছি।’নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।