কাজ শুরু হচ্ছে নতুন টার্মিনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহরে গত ৯ মাসে যুক্ত হয়েছে পণ্য ও কনটেইনার ওঠানো–নামানোর ৪৬টি যন্ত্র। গতকাল বেলা একটায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল থেকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম বন্দরের বহরে গত ৯ মাসে যুক্ত হয়েছে পণ্য ও কনটেইনার ওঠানো–নামানোর ৪৬টি যন্ত্র। গতকাল বেলা একটায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল থেকে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে ১৫ দিন পর নতুন কনটেইনার টার্মিনালের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী সোয়া দুই বছরের মধ্যে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হবে। টার্মিনালটি চালু হলে সক্ষমতার দিক দিয়ে আরও একধাপ এগিয়ে যাবে বন্দর।

গতকাল শুক্রবার সকালে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনালের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। পতেঙ্গার ড্রাই ডক ও বোট ক্লাবের মধ্যবর্তী স্থানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক দশক পর বন্দরে নতুন কোনো টার্মিনালের কাজ শুরু হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, এই সরকারের মেয়াদে কনটেইনার পরিবহনে প্রতিবছর তিন ধাপ করে এগিয়েছে বন্দর। বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য যেসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, আগামী মেয়াদের মধ্যে  সেগুলোর কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্দরের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গণখাতে ক্রয়বিধির ১২ ধারা অনুযায়ী অর্পিত ক্রয়কার্য হিসেবে সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একসঙ্গে তিনটি কনটেইনার জাহাজ ভেড়ানোর সুবিধা থাকবে এই টার্মিনালে। বছরে ৪ লাখ ৪০ হাজার কনটেইনার পরিবহন সম্ভব হবে। টার্মিনাল নির্মাণের পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৬৮ কোটি টাকা।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক আশরাফ আলী।

অনুষ্ঠানে সাংসদ এম এ লতিফ বলেন, ‘স্বাধীনতার আগে ১৩টি জেটি ছিল বন্দরে। স্বাধীনতার পর মাত্র ৭টি জেটি হয়েছে। কোন কর্মকর্তার উদাসীনতায় গত ১০ বছরে জেটি হয়নি, তাঁদের চিহ্নিত করতে হবে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে অনেকের মধ্যে দায়িত্বহীনতার ভাব দেখা দেবে। ব্যবসায়ীদের আহাজারি শুনতে চাই না।’

এম এ লতিফ বলেন, বন্দরের পাশে শ খানেক কর্মকর্তার জন্য ৫০ একর জায়গায় অফিসার্স কোয়ার্টার রয়েছে। এই জায়গায় কনটেইনার ইয়ার্ড নির্মাণ করা হলে দিনের পর দিন জাহাজের বহির্নোঙরে দাঁড়িয়ে থাকতে হতো না।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার বলেন, আগামী ১৫ দিনের মধ্যে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। সবার সহযোগিতা থাকলে প্রকল্প শেষ করার নির্ধারিত সময় ২০১৯ সালের ডিসেম্বরের আগেই কাজ শেষ হবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, জেটিসংকটের কারণে ব্যবসায়ীরা প্রতি জাহাজে ১০ থেকে ১৪ হাজার ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন। এই টার্মিনাল নির্মিত হলে একধাপ এগিয়ে যাবে বন্দর। তবে এ রকম আরও পাঁচটি টার্মিনাল নির্মাণ করতে হবে। প্রস্তাবিত বে টার্মিনালকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য পণ্য ওঠানো-নামানোর জেটি ও কনটেইনার রাখার চত্বর নির্মাণ এবং যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময় যেন কমে আসে, সেই লক্ষ্যে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে জাহাজের গড় অবস্থান সময় দুই দিনে নেমে আসবে।

প্রকল্প উদ্বোধন শেষে নৌমন্ত্রী শাজাহান খান বন্দরের নতুন সংগ্রহ করা যন্ত্রপাতি পরিদর্শন করেন। গত নয় মাসের মধ্যে বন্দরের বহরে ৪৬টি যন্ত্রপাতি যুক্ত হয়েছে বলে বন্দরের কর্মকর্তারা জানান। নৌমন্ত্রীর পরিদর্শনের জন্য এসব যন্ত্রপাতি নিউমুরিং কনটেইনার টার্মিনালের চত্বরে এনে রাখা হয়।