কাজ শুরু হবে অক্টোবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ে ওই কাজের উদ্বোধন করবেন। এরপর শুরু হবে পর্যায়ক্রমে ৬৩টি সমীক্ষার কাজ।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য গঠিত জাতীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কমিটির সদস্য আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা, সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি জাতীয় কমিটির তৃতীয় সভা।সভা শেষে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, সভায় সর্বশেষ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। আগামী অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে পাবনায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটির বাস্তবায়ন তত্ত্বাবধানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের অধীনে একটি আলাদা অনুবিভাগ স্থাপন করা হচ্ছে। এই বিভাগের জন্য ইতিমধ্যে ২৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য ৩৬০ জন এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৬০০ জনবল চাওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে। এর মধ্যে কর্তৃপক্ষের জন্য ১২ জন এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য ৯৭ জন নিয়োগের বিষয় চূড়ান্ত হয়েছে।ইতিমধ্যে রুশ বিশেষজ্ঞদের একাধিক দল রূপপুর সফর করেছে, এখনো করছে। দেশীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানোর কার্যক্রমও চলছে।