হেলেদুলে চলছে যানবাহন। গাড়িগুলোর মাথা কিছুটা নুইয়ে পড়ছে, আবার উঠছে। সেই সঙ্গে বইছে ধুলোর ঝড়। ঝাঁকুনি আর ধুলোতে কাহিল হচ্ছেন যাত্রীরা। পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। দীর্ঘদিন থেকে প্রতিদিনই এ চিত্র দেখা যাচ্ছে যশোর-খুলনা মহাসড়কের যশোরের চাঁচড়া থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার অংশে।
মহাসড়কের বেহাল এই অংশ দিয়ে চলতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন। অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। মহাসড়কটির অংশের সংস্কারের জন্য বারবার উদ্যোগ নেওয়া হয়। সংস্কারকাজ শুরুও হয়। কিন্তু তা আর শেষ হয় না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যশোর কার্যালয় থেকে জানা গেছে, ২০১১ সালের ২৭ জানুয়ারি ১৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মহাসড়কের ওই অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। খুলনার যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেসিক ইউআইএল-জেভি কাজটি পায়। ওই বছরের ২০ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। দরপত্র আহ্বানের এক বছরের মাথায় ২০১২ সালের ২৭ জানুয়ারি সংস্কারকাজের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। কিছুটা কাজ হওয়ার পর ওই বছরের ৩১ মে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ওই বছরের বর্ষা মৌসুমে ভাঙা অংশগুলোতে ইট বিছিয়ে মহাসড়কটি সংস্কার করা হয়। পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খুলনা সফর উপলক্ষে ইট উঠিয়ে ওই জায়গাগুলোতে কার্পেটিং করা হয়।
এরপর প্রিওডিক মেনটেইন্যান্স প্রোগ্রামের (পিএমপি) আওতায় মহাসড়কটির ২৭ কিলোমিটার সংস্কারের জন্য ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর আবার দরপত্র আহ্বান করা হয়। ৩১ অক্টোবর ২২ কোটি এক লাখ ৯৫ হাজার টাকার ওই কাজটিও পায় আগের ওই যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি কার্যাদেশ দেওয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কার্যাদেশ পাওয়ার অনেক পরে অত্যন্ত ঢিলেঢালাভাবে কাজ শুরু করে প্রতিষ্ঠান দুটি। ৩৫ শতাংশ কাজ করার পর সাত কোটি ৩৩ লাখ টাকা তুলে নিয়ে ওই বছরের ৭ জুন সংস্কারকাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর সওজ কর্তৃপক্ষ বারবার তাগিদ দিলেও ঠিকাদার কাজ শুরু করেননি।
গত ২২ ফেব্রুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কটি পরিদর্শন করেন। তিনি এ সময় মহাসড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। সংস্কারকাজে ঠিকাদারের গাফিলতির কারণে তিনি তাৎক্ষণিকভাবে কার্যাদেশ বাতিল করেন। বর্ষার আগেই সড়কের সংস্কারের কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জানতে চাইলে ঠিকাদার এনামুল হক বলেন, ‘নতুন প্রকল্পে মহাসড়কটির সংস্কারের কিছু কাজ আমি করেছি। কিন্তু বর্ষাকাল দীর্ঘায়িত হওয়া ও লাগাতার হরতাল-অবরোধের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি।’
সরেজমিনে দেখা গেছে, মুরলী, রাজারহাট, গোপালপুর গেট, জামতলা, রূপদিয়া, শাঁখারীগাতি, পদ্মবিলা, ঘুনির মোড়, দলনঘাটা, উড়োতলা, চেঙ্গুটিয়া, ভাঙাগেট, নওয়াপাড়া ও রাজঘাট অংশে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী অভয়নগরে আসার আগে খানাখন্দগুলো পাথর ও বালু দিয়ে ভরাট করা হয়। এরই মধ্যে সেসব খানাখন্দের পাথর ও বালু উঠে গেছে। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করায় ধুলোয় চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে।
সওজের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ‘আমরা দ্রুত একটি মূল্যায়ন করে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাব। সেটা পাস হওয়ার পর দরপত্রপ্রক্রিয়া শুরু হবে। আগামী এক মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা যাবে বলে আশা করছি।’