কাজ শুরুতে সম্মত 'অসন্তুষ্ট' আব্বাস
বিএনপির নবগঠিত ঢাকা মহানগর কমিটি নিয়ে কিছুটা ‘অসন্তুষ্ট’ ও ‘ক্ষুব্ধ’ থাকলেও নেতা-কর্মীদের নিয়ে কাজ শুরু করতে সম্মত হয়েছেন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। কমিটি বুধবার মহানগর কার্যালয়ে প্রথম বৈঠক করবে।
আজ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বরকত উল্লাসহ আরও কয়েকজন নেতা মির্জা আব্বাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা মির্জা আব্বাসকে যত দ্রুত সম্ভব কমিটির সদস্যদের নিয়ে কাজ শুরুর আহ্বান জানান। এ ছাড়াও খালেদা জিয়া সৌদি আরব থেকে আসার আগেই কাজ শুরুর পরামর্শ দেন তাঁরা। এরপরই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী বুধবার কমিটি ঢাকা মহানগর কার্যালয়ে বৈঠকে বসবে। ওই দিন কমিটির সব সদস্যকে নিয়ে কাজ শুরু করবেন মির্জা আব্বাস।
এ ছাড়াও ২৫ জুলাই, শুক্রবার মির্জা আব্বাসের নেতৃত্বে কমিটির সদস্যদের জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোরও সিদ্ধান্ত হয় বৈঠকে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করে ৫৭ সদস্যের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর শনিবার রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাড়ির সামনে দলের নেতা-কর্মীরা ভিড় করেন। কিন্তু তাঁরা মির্জা আব্বাসের দেখা পাননি। এমনকি গণমাধ্যমের কর্মীরা দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করলেও মির্জা আব্বাস কোনো কথা বলতে রাজি হননি। তাঁর পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, একটু গুছিয়ে নিয়ে তারপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
ঢাকায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের প্রতিপক্ষ সাদেক হোসেন খোকাকে নতুন কমিটিতে রাখা এবং কমিটির থানাভিত্তিক ৩৬ সদস্যের বেশির ভাগই খোকার অনুসারী হওয়ায় মির্জা আব্বাস কিছুটা ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ একাধিক নেতা।
এদিকে সদস্যসচিবকে ছাড়াই নতুন কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে গতকাল রোববার প্রথম বৈঠক করেছেন নবগঠিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এটাকে ‘অনানুষ্ঠানিক’ বৈঠক বলে দাবি করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে মহানগরের ওয়ার্ড ও থানা কমিটি গঠন এবং আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে।
এ রকম নানা টানাপোড়েনের মধ্য দিয়ে ঢাকা মহানগর কমিটি কাজ শুরু করতে যাচ্ছে।