সিরাজগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে তিনটি কলেজের একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরুর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪২ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে জেলার ১৩টি বেসরকারি কলেজে একাডেমিক ভবন নির্মাণের জন্য গত ১৩ মে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ জুন। প্রতিটি কলেজের জন্য প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে তিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২২ জুন থেকে ২৫ জুনের মধ্যে কার্যাদেশ দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ঠিকাদার বলেন, কার্যাদেশ দেওয়ার পরপরই কয়েকজন ঠিকাদারকে বিল দেওয়ার জন্য শিক্ষা কার্যালয় থেকে প্রক্রিয়া শুরু হয়। যেহেতু ৩০ জুনের মধ্যে বিল তুলতে না পারলে টাকা ফেরত যাবে, সে কারণে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীদের দিয়ে পরিমাপ বইতে মাপজোখ লিখে ১৩ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বিল তিন ঠিকাদারকে পরিশোধ করা হয়। অথচ এসব কলেজে কাজ শুরু হয়নি। বিল তোলা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে উল্লাপাড়া উপজেলার সলপ ডিগ্রি কলেজের কাজ পাওয়া মেসার্স মোহাম্মদ আলী, বেলকুচি ডিগ্রি কলেজের মেসার্স লতা কনস্ট্রাকশন ও কামারখন্দ উপজেলার সামসুদ্দিন সেলিনা মেমোরিয়াল কলেজের মেসার্স তালুকদার ট্রেডার্স।
১২ জুলাই সরেজমিনে দেখা গেছে, কামারখন্দ সামসুদ্দিন সেলিনা মেমোরিয়াল কলেজ ভবনের মাটি কাটার কাজ চলছে। সলপ কলেজে ইট-বালু নিয়ে রাখা হয়েছে। বেলকুচি ডিগ্রি কলেজেও মালামাল স্তূপ করে রাখা হয়েছে।
সলপ কলেজে কর্মরত শ্রমিকদের মধ্যে আলম মিয়া, আলহাজ হোসেন ও ছাব্বির মিয়া জানান, তাঁরা মাটি কাটছেন, খোয়া ভাঙাও শেষ। কলেজের অধ্যক্ষ মোছা. হাসিনা খাতুন বলেন, কলেজে ইট-বালু-খোয়া এসেছে। ঠিকাদারের লোকজন বৃষ্টির কারণে কাজ করতে পারছে না।
মেসার্স মোহাম্মদ আলীর স্বত্বাধিকারী মো. শাহিন মিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। তবে সব মালামাল সাইটে নেওয়া হয়েছে। ঈদের পরে পুরোদমে কাজ শুরু হবে। ১৫ লাখ টাকার বিল করা হয়েছে। ৩০ জুনের মধ্যে বিল না নিলে টাকা ফেরত যাবে বিধায় এই বিল করা হয়েছে। সাইটের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী এনামুল হক, নূর নবী ও চাদ আলী বলেন, সব মালামাল সাইটে যাওয়ায় তাদের বিল দেওয়া হয়েছে। এসব বিষয় বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয়।
বগুড়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, কিছু কাজ করার পর প্রাথমিকভাবে তিনটি ঠিকাদারকে ৪২ লাখ টাকা বিল দেওয়া হয়েছে। এ পরিমাণ কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। তা ছাড়া, মালামাল সাইটে পৌঁছানো সাপেক্ষে অগ্রিম বিল দেওয়ার বিধান আছে।