বরগুনায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।প্রকল্পে ৩৩ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরা হলেও সরকারি দলের একাধিক ঠিকাদার প্রভাব খাটিয়ে সমঝোতার মাধ্যমে দরপত্র ফরম গুছিয়ে নিয়ে যান এবং ১৭ থেকে ১৯ ভাগ ঊর্ধ্বদরে দরপত্র দাখিল করেন। এতে কাজের প্রাক্কলন ব্যয় দাঁড়ায় ৩৮ কোটি ৬০ লাখ টাকা। এই ঊর্ধ্বদরের ১১ ভাগ অর্থ বাবদ তিন কোটি ৬৩ লাখ টাকা দরপত্র কেনা অন্য ঠিকাদার, এলজিইডির কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের ভাগ করে দেওয়ার কথা। কিন্তু দরপত্র কেনা বেশির ভাগ ঠিকাদার ভাগের পুরো টাকা পাননি বলে অভিযোগ রয়েছে।ক্ষুব্ধ ঠিকাদারদের সূত্রে জানা গেছে, ওই কাজগুলো পেয়েছেন জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল করিম ও আওয়ামী লীগের সমর্থক ঠিকাদার বাবুল মিয়া। গত বৃহস্পতিবার রাতে ঠিকাদারেরা জেলা ঠিকাদার সমিতির সভাপতির কার্যালয়ে বৈঠক করে ওই টাকার হিসাব ও সংশ্লিষ্ট ঠিকাদারদের ভাগের অর্থ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে ঠিকাদারেরা তিনটি আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দেন এবং এসব কাজ দখল করে নেন।ক্ষুব্ধ ঠিকাদারেরা জানান, বরগুনার বিভিন্ন উপজেলায় ১১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে গত ৫ এপ্রিল দুটি গুচ্ছে দরপত্র আহ্বান করে এলজিইডি। ‘ইসিআরআরপি’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পের কাজের দরপত্র ফরম নেয় ৫৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে সরকারদলীয় কয়েকজন প্রভাবশালী ঠিকাদার এলজিইডির স্থানীয় কার্যালয়ের কয়েকজন পদস্থ কর্মকর্তার সহায়তায় এই কাজ ভাগাভাগি করে নিতে অন্য ঠিকাদারদের কেনা দরপত্র ফরম গুছিয়ে নেন।দরপত্র ফরম গুছিয়ে নেওয়ার পর ১৪ মে মাত্র তিনটি দরপত্র জমা পড়ে। এতে রেজাউল করিমের মেসার্স অ্যাটম এন্টারপ্রাইজ এবং বাবুল মিয়ার মেসার্স পলি কনস্ট্রাকশন যথাক্রমে ১৭ ও ১৯ ভাগ বেশি দরে ১১টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ পায়। মে মাসের শেষের দিকে এলজিইডি দ্রুত কার্যাদেশ দেয় এবং প্রাক্কলনের ১৫ ভাগ অর্থ ঠিকাদারদের অগ্রিম দিয়ে দেয়।ঠিকাদারদের সূত্রে আরও জানা গেছে, কাজ পাওয়া ঠিকাদারেরা ঊর্ধ্বদরের ১১ ভাগ অর্থ বাবদ তিন কোটি ৬৩ লাখ টাকা জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতার কাছে জমা দেন। এই অর্থ এলজিইডির কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং ঠিকাদারদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে কাজ না পাওয়া ঠিকাদারদের দরপত্র ফরমপ্রতি এক লাখ ৩২ হাজার টাকা করে দেওয়ার কথা। অনেক ঠিকাদার এই পরিমাণ অর্থ পাননি। বেশ কয়েকজন ঠিকাদার কোনো অর্থই পাননি বলে দাবি করেন।ক্ষুব্ধ কয়েকজন ঠিকাদার শুক্রবার সকালে আমতলী উপজেলার একটি, সদরের বাবুগঞ্জ ও পুরাকাটা এলাকার দুটি প্রকল্পের কাজ নিজেদের দখলে নিয়ে নেন। ঠিকাদার সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাজ নেওয়ার জন্য টাকা দিয়েছিলাম। এখন কাজও পাচ্ছি না, টাকাও দিচ্ছে না। তাই বাধ্য হয়ে একটি সাইটের দখল নিয়েছি এবং কাজের সূচনা করেছি।’ ঠিকাদার মহিবুল ইসলাম বলেন, ‘কাজ বাবদ যে টাকা উঠেছে, তার কোনো হিসাব-নিকাশ আমাদের দেওয়া হয়নি।’ ঠিকাদার ইমাম হোসেন বলেন, ‘কাজ পাইনি, তাই তিনটি কাজ আমরা বন্ধ করে দিয়েছি।’ঠিকাদার রেজাউল করিম বলেন, ‘আমরা কাজ নিয়েছি ঠিকই, কিন্তু সবকিছু ম্যানেজ করেছে জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা। কাকে কত টাকা দেওয়া হয়েছে, সেটা আমার জানা নেই। এখন এ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’ ঠিকাদার বাবুল মিয়া বলেন, ‘হিসাব-নিকাশ নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা ম্যানেজ করার চেষ্টা চলছে।’জেলা ঠিকাদার সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘দরপত্র নিয়ে এবার যে কেলেঙ্কারি হয়েছে, তা এর আগে কোনো দিন হয়নি। এর সঙ্গে জড়িত ওই দুই ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের দুই শীর্ষস্থানীয় নেতার দুই ছেলে। ঠিকাদারেরা তাঁদের ক্ষোভের কথা আমাকে জানিয়ে গেছেন।’এ বিষয়ে জানতে এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী আকবর হোসেনের মুঠোফোনে শনিবার রাতে ফোন করলে তিনি এ প্রতিবেদকের পরিচয় জেনে লাইন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।এলজিইডির বরগুনা জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ও দরপত্র কমিটির সদস্যসচিব শাহজাহান ফরাজি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।এলজিইডির ইসিআরআরপি প্রকল্পের পরিচালক মুনিবুর রহমান বলেন, ‘আমার কাছে কেউ এ ধরনের অভিযোগ দেননি। কাজ নিয়ম মোতাবেক দেওয়া হয়েছে।’