কাজ শুরুর এক বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন
কাজ শুরুর এক বছর পর গতকাল শনিবার আলোচিত নাটোরের সিংড়া-বারুহাস-তাড়াশ সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় নাটোর-৩ (সিংড়া) আসনের আওয়ামী লীগের সাংসদ জুনাইদ আহম্মেদ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার মো. কাইমুজ্জামান ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ২০০৩ সালে প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া সিংড়ায় এসে আনুষ্ঠানিকভাবে এই সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সময় প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় কাজের অগ্রগতি হয়নি। নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. লোকমান হোসেন কাজ শুরুর দীর্ঘদিন পর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা স্বীকার করে বলেন, ‘কাজ শুরুর সময় স্যার (মন্ত্রী) আসার সময় পাননি। এখন যেহেতু এসেছেন, তাই তাঁকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।’