কাজ শুরুর নির্দেশ পেল ভেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এবং তার যাবতীয় যন্ত্রাংশ সরবরাহের কাজ শুরুর নির্দেশ পেল ভারতের সরকারি সংস্থা ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (ভেল)। ভেলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় রপ্তানি। মূল্য ১০ হাজার কোটি রুপি। এই টাকায় ভেল রামপালে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎ ইউনিট তৈরি করে দেবে। 

রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে দুই দেশের পরিবেশবিদেরা প্রশ্ন তুলেছেন। তাঁরা মনে করেন, ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পরিবেশের পক্ষে বিপজ্জনক। পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, সে জন্য ভেল অত্যাধুনিক একটা এফজিডি প্ল্যান্টও তৈরি করবে। এই তাপবিদ্যুৎ প্রকল্পে যে ছাই উৎপন্ন হবে, তার ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ব্যবহৃত হবে। ভেল গত মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) ও ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) যৌথভাবে এই বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। ভেলকে প্রকল্পের প্রয়োজনীয় সবকিছু সরবরাহের নির্দেশ তারাই দিয়েছে।
ভেল এ প্রকল্পের নকশা তৈরি থেকে শুরু করে তা স্থাপনের প্রতিটি পর্যায়েই কাজ করবে। এ জন্য একটি জেটি ও প্রকল্পে নদীর পানি নেওয়ার কাজও তারা করবে।
ভেলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০১ সালে তারা ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাঘাবাড়ি গ্যাস টার্বাইন বিদ্যুৎ প্রকল্প তৈরি করে। এরপর সিদ্ধিরগঞ্জে তৈরি করে ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ প্রকল্প।