চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ তলাবিশিষ্ট নগর ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়েছিল ২০১০ সালের ১১ মার্চ। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সিটি করপোরেশনের অর্থায়নে এ ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ভবনের পাইলিং করা ছাড়া কাজের আর কোনো অগ্রগতি হয়নি।
দীর্ঘ পাঁচ বছর পর নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন নগর ভবন নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা কাজীর দেউরি এলাকায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় তিনি এ নির্দেশ দেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘নতুন মেয়র মহোদয় নগর ভবনের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। বিভিন্ন কারণে পাঁচ বছরেও এর নির্মাণকাজ সম্পন্ন না হওয়ার বিষয়টি তাঁকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি নগর ভবন নির্মাণের ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করার নির্দেশ দিয়েছেন।’
নগরের আন্দরকিল্লা এলাকায় প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গায় ২০ তলাবিশিষ্ট নগর ভবনের নির্মাণের উদ্যোগ নিয়েছিল করপোরেশন। ওই সময় প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৪৮ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ১৯ টাকা। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স এ জে কনস্ট্রাকশনকে ওই বছরের ১০ মার্চ কার্যাদেশ দেওয়া হয়। প্রথম দফায় ১০ কোটি টাকা ব্যয়ে ভবনের ছয় তলা নির্মাণের জন্য এ কার্যাদেশ দেওয়া হয়েছিল।
এ বিষয়ে করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী গতকাল প্রথম আলোকে জানান, নতুন মেয়র নগর ভবনের জন্য একটি ডিপিপি তৈরি করার নির্দেশ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে করপোরেশনের এক প্রকৌশলী বলেন, আগামী এক মাসের মধ্যে এই ডিপিপি তৈরি করা হবে।
মেসার্স এ জে কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবু জাফর বলেন, ‘নগর ভবন নির্মাণে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সেটা মেনে নিতে হবে। তারা আমাকে দিয়ে কাজ না করালে আমার তো কিছু করার নাই। তবে নগর ভবন নির্মাণে ইতিমধ্যে প্রায় সাড়ে চার কোটি টাকার কাজ করেছি। কিন্তু করপোরেশন এক টাকাও পরিশোধ করেনি। আশা করি নতুন মেয়র মহোদয় দায়িত্ব গ্রহণের পর বকেয়া পরিশোধের ব্যাপারে ব্যবস্থা নেবেন।’
নগর ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়ে আবু জাফর বলেন, ২০১০ সালের ১৭ জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী মোহাম্মদ মনজুর আলম দায়িত্ব নেওয়ার পর নগর ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। অবশ্য সাড়ে তিন বছর পর গত বছরের (২০১৪) ফেব্রুয়ারিতে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। চার মাস ধরে ভবনের পাইলিংয়ের কাজ করা হয়। কিন্তু বিল পরিশোধ না করায় আপাতত কাজ বন্ধ রয়েছে।
দীর্ঘদিন নগর ভবনের নির্মাণকাজ বন্ধ থাকার কারণ জানতে চাইলে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই নগর ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছিল। তাই কয়েক মাস পর কাজ বন্ধ করে দিতে হয়েছিল। পরে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়। তিনি জানান, ঠিকাদার বিল পরিশোধের জন্য চিঠি দিয়েছেন। কিন্তু তিনি নির্মাণকাজে কী পরিমাণ অর্থ ব্যয় করেছেন, তার কোনো হিসাব জমা দেননি। তাই বিল পরিশোধ করা হয়নি।