কাজ শেষ, তবু টাকা পাচ্ছেন না ১০৪ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের তিনটি প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও ১০৪ জন শ্রমিক তাঁদের প্রাপ্য ১৬ দিনের মজুরির টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না। অভিযোগ পাওয়া গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাংকে চিঠি দিয়ে শ্রমিকদের মজুরি স্থগিত রাখতে বলেছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের কাজ শেষ হয়নি। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে ব্যাংকে চিঠি দিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধের বিষয়টি স্থগিত করা হয়েছে।’ প্রকল্প কমিটি, ভুক্তভোগী শ্রমিক ও উপজেলা প্রশাসনের ভাষ্যমতে, চলতি ২০১১-১২ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের তিনটি প্রকল্পের বিপরীতে সাত লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই ইউনিয়নে উপকারভোগী শ্রমিকের সংখ্যা ১০৪ জন। দৈনিক ১৭৫ টাকা হারে শ্রমিকেরা ১ নভেম্বর থেকে কাজ শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্প তিনটির কাজ শেষ করেন। এর মধ্যে ১৬ দিনের টাকা এখনো পাচ্ছেন না।প্রকল্প কমিটির দেওয়া তথ্যমতে, তিনটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে—এ মর্মে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যান, তদারকি কর্মকর্তা ও ইউএনও স্বাক্ষরিত চিঠি মধ্যনগর সোনালী ব্যাংকে ১৪ জানুয়ারি পাঠানো হয়। কিন্তু পরদিনই শ্রমিকদের ১৬ দিনের মজুরি পরিশোধ স্থগিত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকে আরেকটি চিঠি দেন ইউএনও। এ কারণে শ্রমিকেরা প্রাপ্য টাকা উত্তোলন করতে পারছেন না।শ্রমিকেরা অভিযোগ করেন, ‘এক সপ্তাহ ধরে আমরা ব্যাংকে বারবার ধরনা দিয়েও পাওনা টাকা তুলতে পারছি না। কাজ শেষ করলেও রহস্যজনক কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা প্রদান স্থগিত করেছেন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বললে তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’ তবে ইউএনও মোহাম্মদ কামাল হোসেন শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছেন। তবে প্রকল্প চেয়ারম্যান ও উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিবুর রহমান প্রকল্প কাজ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান। প্রকল্প চেয়ারম্যান বলেন, ‘শুনেছি শ্রমিকদের কাছ থেকে উৎকোচ না পেয়ে কাজ সম্পন্ন হয়নি—এমন অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ টাকা আটকে দিয়েছে।’