নির্বাচনী তফসিল ঘোষণার পর জয়পুরহাটের কালাই পৌরসভার অসমাপ্ত ও ঝুলে থাকা উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। দরপত্র আহ্বানের পরও দীর্ঘদিন আটকে থাকা অন্তত পাঁচটি সেতু ও কালভার্টের নির্মাণকাজ হঠাৎ করেই শুরু হয়ে গেছে। দু-এক দিনের মধ্যে আরও ৫৬ লাখ টাকার প্রায় ১০০ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করার জন্য পৌরসভার পক্ষ থেকে তোড়জোড় চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, দরপত্র আহ্বান করার পরও অজ্ঞাত কারণে কালাই পৌরসভার অন্তত চারটি কালভার্ট নির্মাণের কাজ আটকে ছিল। শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের আঁওড়া ও সড়াইল মহল্লা এবং শিমুলতলী-আঁওড়া ও পাঁচশিরা-মূলগ্রাম সড়কে এসব কালভার্ট নির্মাণের কথা ছিল। গত জুনে ওই চারটি কাজের দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় ডিউ কনস্ট্রাকশন ও লাকি ট্রেডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৯০ দিনের মধ্যে কাজ শেষ করার সময়সীমা থাকলেও অজ্ঞাত কারণে এত দিনে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই কাজ শুরু করতে পারেনি। এদিকে শহরের থুপসাড়া মহল্লার লোকজন সেখানকার একটি ভাঙা কালভার্ট পুনর্নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।শহরের থুপসাড়া মহল্লার লোকজন জানিয়েছেন, দু-এক দিন আগে হঠাৎ করেই থুপসাড়া মহল্লার সেই ভাঙা কালভার্টের নির্মাণকাজ পৌরসভার পক্ষ থেকে শুরু করা হয়েছে, শিগগিরই শেষও হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার সঙ্গে কাজ করতে কোনো দরপত্র ছাড়াই কালভার্টটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে নিজস্ব শ্রমিক লাগিয়ে কাজ করা হচ্ছে। স্থানীয় কলেজশিক্ষক আতাউর রহমান বলেন, ভাঙা কালভার্টটি নির্মাণে মহল্লাবাসী কত দিন ধরে আবেদন-নিবেদন জানিয়ে আসছে তার হিসাব নেই। নির্বাচন সামনে রেখে হঠাৎ করেই কালভার্টটির নির্মাণকাজ শেষ করার জন্য পৌর কর্তৃপক্ষ মরিয়া হয়ে উঠেছে।এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ছয় মাস আগে দরপত্র আহ্বান করা আঁওড়া মহল্লার সেই কালভার্টটিরও নির্মাণকাজ শুরু করা হয়েছে। রোববার সরেজমিনে দেখা গেছে, ঠিকাদার মহব্বত হোসেনের পক্ষ থেকে কয়েকজন শ্রমিক দ্রুতগতিতে কাজ করছেন। শ্রমিকেরা জানান, আগামী দু-এক দিনের মধ্যে এ কাজ শেষ করে শিমুলতলী-আঁওড়া সড়কে অপর একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হবে।আঁওড়া মহল্লার বাসিন্দা আবদুল মজিদ বলেন, ‘সাঁকোটা হবে, হচ্ছে বলে ছয় মাস কেটে গেল। মহল্লাবাসী পৌরসভায় অনেক ধরনা দিয়েও এ সাঁকোর কাজ শুরু করাতে পারেনি। এখন ভোট আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়্যা গেছে। কেন যে ঘন ঘন ভোট আসে না।’এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি ট্রেডার্সের মালিক দাদ এলাহী জানান, দু-এক দিনের মধ্যেই তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা দুটি কালভার্ট নির্মাণের কাজ শুরু করবে।এদিকে বার্ষিক উন্নয়ন তহবিল থেকে পৌর এলাকায় ৫৬ লাখ টাকার উন্নয়নমূলককাজ শুরু করার জন্য আজকালের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হচ্ছে। গতকাল সোমবার দরপত্র কমিটির বৈঠকও হওয়ার কথা।নির্বাচন সামনে রেখেই এসব প্রকল্প বাস্তবায়ন ও ঝুলে থাকা কাজ শুরু করা হয়েছে—এমন যুক্তি মানতে নারাজ কালাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি দাবি করেন, ‘বর্ষা ও আমন ফসলের কারণে এত দিন কাজ হয়নি। আর ৫৬ লাখ টাকার কাজ চলমান প্রক্রিয়ার অংশ।’পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এবং জেলা যুবলীগের সহসভাপতি ও মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক হেলাল উদ্দিন মোল্লা বলেন, ‘চলমান উন্নয়ন-প্রক্রিয়াকে ভোটের রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। নির্বাচন ঘনিয়ে আসায় উন্নয়ন কর্মকাণ্ডের গতি হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমি প্রার্থী হচ্ছি বলেই হয়তো নিন্দুকেরা এমনটা বলছেন।’