কাজ শেষ না করেই প্রকল্পের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদিকে প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অনেক এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে ও হেলে পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) হবিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ১০টি জেলার ৪০টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উন্নয়নে সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্পের কাজ শুরু হয়। এতে বরাদ্দ দেওয়া হয় এক হাজার কোটি টাকা। এ প্রকল্পের অধীনে হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার নয়টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র নিয়ে গঠন করা হয় সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন বিভাগ-৩। এ বিভাগের আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্র থেকে হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর-কামড়াপুর বাইপাস সড়ক হয়ে হবিগঞ্জ শহর পর্যন্ত ৩৩ কেভি নতুন ২৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন, শাহজিবাজারের হবিগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের (বর্তমানে যে উপকেন্দ্রের মাধ্যমে হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়) মানোন্নয়ন, এ উপকেন্দ্রের পুরোনো তার পরিবর্তন করে নতুন তার স্থাপন, শহরের বিভিন্ন স্থানে নতুন ট্রান্সফরমার স্থাপনসহ শহরের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উন্নয়ন। আর্থিক সংকটের কারণে শুধু ২৫ কিলোমিটার নতুন লাইন টানা হয়েছে। গত বছরের ২০ জুনে এ প্রকল্পের সমাপ্ত ঘোষণা করা হয়।

সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া, নছরতপুরসহ সাত-আটটি স্থানে খুঁটির সঙ্গে অন্য খুঁটির তারের সংযোগ নেই। শহরের বাইপাস সড়কের আধুনিক স্টেডিয়ামের কাছে আধা কিলোমিটার এলাকায় অন্তত ১৬টি খুঁটি উপড়ে পাশের খালে পড়ে আছে। আরও কিছু খুঁটি হেলে পড়েছে।

শহরের মোহনপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আরজু মিয়া বলেন, গত কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ে বিদ্যুতের খুঁটিগুলো পড়ে গেছে। ঠিকমতো কাজ না হওয়ায় এ রকম ঘটনা ঘটেছে। একই এলাকার বাসিন্দা আইনজীবী নুরুল আমিন অভিযোগ করেন, এ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে ও হেলে পড়েছে। অসম্পূর্ণ অবস্থায় প্রকল্প শেষ করায় এ লাইন কোনো কাজে লাগছে না।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, সামনে সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এ কারণে সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে বিদ্যুতের খুঁটি স্থাপন করার জন্য ওই প্রকল্পের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা আমলে নেননি। এতে ভবিষ্যতে সড়ক উন্নয়নে সমস্যা দেখা দেবে।

এ বিষয়ে জানতে গত সোমবার দুপুরে প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমানের কার্যালয়ে টেলিফোন করলে এক ব্যক্তি বলেন, ‘স্যার এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গেছেন।’ তবে ওই ব্যক্তি তাঁর পরিচয় দিতে রাজি হননি।

এসব অভিযোগ সম্পর্কে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী চৌধুরী আবু ওবায়েদ বলেন, প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়নি। কয়েকটি স্থানের মাটি নরম হওয়ায় এবং প্রাকৃতিক কারণে খুঁটিগুলোয় সমস্যা দেখা দিয়েছে। হবিগঞ্জ অংশে কত টাকার কাজ হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আলাদা করে তা বলা যাবে না। পুরো প্রকল্পটি ছিল এক হাজার কোটি টাকার। আর্থিক সংকটের কারণে এ প্রকল্পের পুরো কাজ শেষ করা যায়নি। নতুন করে আরেকটি প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে। তখন কাজগুলো করা সম্পন্ন হবে।

হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, বর্তমানে শাহজিবাজার থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ২৮ কিলোমিটার লাইনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি ব্রেকারগুলোতে নানা সমস্যা রয়েছে। একটু ঝড়-বৃষ্টি হলেই লাইন বন্ধ হয়ে যায়। পুরো লাইনটি লোড সামাল দিতে পারে না। নতুন লাইনটি চালু হলে এসব সমস্যা দূর হতো। নতুন লাইনের কিছু কিছু জায়গায় কাজ শেষ না হওয়ায় জাতীয় গ্রিড থেকে সংযোগ দেওয়া হয়নি। অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য ঢাকা কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।