সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর মূল মোহনায় পুনঃখননকাজ এখনো শেষ হয়নি। এদিকে বৃষ্টি শুরু হওয়ায় মৌলভীবাজার ও সিলেটের পাঁচটি উপজেলার হাকালুকি হাওরপারের মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে শুরু হওয়া জুড়ী নদী হাকালুকি হাওর দিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে। নদীর মোহনা পলিতে ভরাট হওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে। এর ফলে গত বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে টানা ভারী বর্ষণে উজান থেকে পাহাড়ি ঢল নামলে হাকালুকি হাওর উপচে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজার-হাজার হেক্টর জমির পাকা এবং আধাপাকা বোরো ফসল তলিয়ে যায়। দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয় এসব এলাকায়। হাওরপারের বিভিন্ন এলাকার কাঁচা বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।সূত্র জানায়, এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর মূল মোহনায় এক কিলোমিটার জায়গা পুনঃখননের উদ্যোগ নেয়। গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ মার্চের মধ্যে ওই কাজ সম্পন্নের নির্ধারিত সময় ছিল। এক কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঢাকার সিফাতদীপ কনসোর্টিয়াম নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান কাজটি পায়। কিন্তু ওই সময়ে প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করতে পারেনি। পরবর্তী সময়ে গত ২ এপ্রিল পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সরেজমিনে পরিদর্শন করে ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে নির্দেশ দেন।এলাকাবাসী জানান, শুরু থেকেই ধীরগতিতে কাজ চলছে। এ পর্যন্ত খননযন্ত্র দিয়ে নদীর মোহনার কিছু জায়গার চর অপসারণ করা হয়েছে। এ ছাড়া মোহনার ভেতরের অংশে কোনো খননকাজ হয়নি। তাই তাঁরা উৎকণ্ঠায় আছেন। জুড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত বলেন, ‘কয়েক দফা বৃষ্টিতে নদীতে পানি বেড়ে গেছে। উজানের ঢল নামলে কী হবে বুঝতে পারছি না। কাজটি আরও আগে শেষ করা দরকার ছিল।’ একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফিরোজ আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পুনঃখননকাজ তদারকির দায়িত্বে থাকা পাউবোর সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম গত শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ২৫ শতাংশ কাজ হয়েছে। পুরো কাজ শেষ না করলে ঠিকাদারিপ্রতিষ্ঠান বিল পাবে না। কাজের গতি বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এ বিষয়ে গত ১৬ মার্চ প্রথম আলোয় ‘জুড়ী নদীর মোহনায় পুনঃখননে ধীরগতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।