আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের দুটি প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কাজ যথাসময়ে শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুল করিম। গতকাল শনিবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সভায় মুখ্য সচিব আগামী দুই দিনের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কটির ভাঙা অংশ সংস্কারের জন্য সওজের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নারায়ণগঞ্জের ভেন্যুতে যেদিন প্র্যাকটিস এবং প্র্যাকটিস ম্যাচ থাকবে, সেদিন রাস্তায় টু স্ট্রোক অটোরিকশা, ভাঙা বাস-ট্রাক যাতে চলাচল না করে, তা বিআরটিএকে নিশ্চিত করতে বলেন।সভায় বিসিবির প্রতিনিধি জানান, তাঁরা স্টেডিয়াম বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে খেলোয়াড় লাউঞ্জ, প্রেসবক্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সওজের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের প্রতিনিধি আগামী দুই দিনের মধ্যে অ্যাপ্রোচ রোডের কাজ শেষ করার আশ্বাস দেন। স্টেডিয়ামের সংস্কার, সৌন্দর্যবর্ধনের দায়িত্বপ্রাপ্ত জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক সভায় জানান, প্রয়োজনীয় কাজ শেষে গত ৩১ জানুয়ারি বিসিবির কাছে স্টেডিয়াম হস্তান্তরের সময়সীমা ছিল। কিন্তু প্রবেশ ফটক নির্মাণ এখনো শেষ হয়নি। রাস্তা নির্মাণ এখনো অসমাপ্ত। ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডিপিডিসি) প্রতিনিধি জানান, স্টেডিয়ামে বিদ্যুতের দুটি সরবরাহ লাইন আছে। একটি বন্ধ হলে অপরটি চালু করতে দু-তিন মিনিট সময় লাগবে। বিকল্প ব্যবস্থা হিসেবে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর তাঁদের কাছে নেই। স্থানীয় সাংসদ সারাহ্ বেগম কবরী বলেন, নারায়ণগঞ্জে আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনকে আগে থেকেই সম্পৃক্ত করলে ভালো হবে।জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, নিরাপত্তার জন্য বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জেলা প্রশাসক মো. সামছুর রহমান অভিযোগ করেন, চাষাঢ়ায় ডাকবাংলোর সামনে প্রায় ১০০ ফুট রাস্তা সংস্কার না হওয়ায় বিদেশি দর্শক, সাংবাদিকেরা শহরে ভ্রমণে বের হলে বিব্রতকর অবস্থায় পড়বেন।