নির্ধারিত সময়ের এক মাস পরও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ১৭টি ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হয়নি। এতে ওই ১৭টি বাঁধের আওতায় এখানকার কৃষকদের ২৪ হাজার ৭০০ একর জমির বোরো ফসল হুমকির মুখে রয়েছে। উপজেলা কৃষি বিভাগ এ বিষয়ে ১৭ মার্চ রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা, সোনামড়ল, ঘোড়াডোবা, কাইলানী, ঘুরমাসহ ৮টি হাওরে ৩৬টি ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের বিপরীতে ১ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। গত বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজ শুরু করে তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
সুনামগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, এ উপজেলার ৮টি হাওরের ৩৬টি প্রকল্প রয়েছে। কাজের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।তিনি দাবি করেন, অধিকাংশ প্রকল্পে মাটি ভরাটসহ, চাটাই, বাঁশ ও বস্তা দেওয়ার কাজ শেষ হয়েছে। হাতে গোনা কয়েকটি বাঁধের কাজ এখন চলমান রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। দুই-চার দিনের মধ্যেই ফসলরক্ষা বাঁধের যাবতীয় কাজ শেষ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ মার্চ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার শয়তানখালী ফসলরক্ষা বাঁধ, ডুবাইল, মিলনপুর, ধানকুনিয়া, জয়ধনা, হুলাসখালী, গাগলাখালী, শিমের খাল, সাঁতারিয়া, পাথারিয়া, টঙ্গী, পাশুয়া, ঘুরমা, ঘোড়াডোবা, বড় ঘোড়াডোবা ও শাসকা ফসলরক্ষা বাঁধ উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরিদর্শন করেন। এ সময় তাঁরা ওই বাঁধগুলোর ৫০ শতাংশ কাজ হয়েছে বলে দেখতে পান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার বলেন, ‘এ উপজেলার বড় ঘোড়াডোবা বাঁধটি নেত্রকোনার কলমাকান্দা ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সীমানায়। তাই এর কাজ নেত্রকোনার পাউবোর অধীনে ঠিকাদারদের মাধ্যমে হচ্ছে। এর পশ্চিম অংশের ৬০ শতাংশ এবং পূর্ব অংশের ৫০ শতাংশ কাজ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারকে সঙ্গে নিয়ে আমি বাঁধটি পরিদর্শনে যাই। সেখানে গিয়ে ঠিকাদারের কোনো শ্রমিক পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন বোরো ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে সেখানে কাজ করছেন। বাঁধটি ভেঙে পানি ঢুকলে ধরমপাশা ও কলমাকান্দা উপজেলার কয়েক হাজার একর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।’
এ বিষয়ে নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঁধের কাজ কিছুটা পিছিয়েছে। ঠিকাদারদের ওই বাঁধের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ধরমপাশা উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, ‘আমি ১৭ মার্চ উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে ১৭টি ফসলরক্ষা বাঁধের কাজ দেখেছি। ওই দিন পর্যন্ত বাঁধগুলোর ৫০ শতাংশ কাজ শেষ হয়েছিল। এখন গড়ে ৭০ শতাংশ কাজ হয়েছে। কাজ শেষ না হওয়ায় এখানকার কৃষকদের ২৪ হাজার ৭০০ একর জমির বোরো ফসল এখন ঝুঁকির মুখে রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’