কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর লেবুখালী-বাউফল-দশমিনা-গলাচিপা সড়ক পুনর্নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ না হতেই সড়কের বাউফল অংশের বিভিন্ন জায়গার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী থেকে বাউফল ও দশমিনা হয়ে গলাচিপা পর্যন্ত চারটি ছোট সেতু ও ২০টি আরসিসি বক্স কালভার্টসহ ৮৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের জন্য ৯৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পৃথক গুচ্ছে (প্যাকেজ) ১৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। এর মধ্যে বাউফলের ১৪ কিলোমিটারের কার্যাদেশ দেওয়া হয় মাহাফুজ খান, ইউনুচ অ্যান্ড সন্স ও হাজি এন্টারপ্রাইজ নামের তিনটি প্রতিষ্ঠানকে।শিডিউল অনুযায়ী ১৮ ফুট চওড়া সড়কটির মাঝখানে ৩৮ মিলিমিটার পুরু (এমএম) ১২ ফুটে কার্পেটিং সিলকোট ও দুই পাশে ৩ ফুট করে ৭ এমএম পুরু সিলকোট হওয়ার কথা। চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা।বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মজিবুর রহমান বলেন, শিডিউল অনুযায়ী কার্পেটিংয়ে ১ নম্বর ইটের খোয়া ব্যবহারের নির্দেশ থাকলেও ৩ নম্বর ইটের খোয়া ও ১ নম্বর পাথর ব্যবহার না করে মরা পাথর ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া সড়কের মাঝখানে ৩৮ এমএম পুরু কার্পেটিং সিলকোট করার কথা থাকলেও কোথাও ৩০ এমএম ও কোথাও ৩৩ এমএম পুরু কার্পেটিং সিলকোট করা হয়েছে। বিষয়টি জেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার উপস্থাপন করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।সরেজমিনে দেখা গেছে, মাত্র ছয়-সাত দিন আগে বাউফল পাবলিক মাঠসংলগ্ন অংশের কাজ শেষ হয়েছে। অথচ এর মধ্যেই ওই স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বগা ও দাশপাড়া এলাকার বিভিন্ন জায়গার কার্পেটিং উঠতে শুরু করেছে। এই দুই অংশের কাজ করেছেন ঠিকাদার মাহাফুজ খান। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, সড়কটির যেসব জায়গার কার্পেটিং উঠে গেছে, সেসব জায়গা ঠিক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে।