রংপুরে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কাজ শেষ না করে ঠিকাদারকে আগাম বিল পরিশোধ করার অভিযোগ পাওয়া গেছে। অবশেষে ওই অসমাপ্ত কাজ তিন মাস পর রেলওয়ে বিভাগ করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত জুনে লালমনিরহাট রেলওয়ে বিভাগ থেকে প্রায় চার লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জন্য টাইলস দিয়ে কাজ করার কথা। ১২টি পিলারের নিচে এই কাজ হওয়ার কথা। কিন্তু তিনটি পিলারের নিচে কাজ শেষ না করেই সব অর্থ ঠিকাদারকে পরিশোধ করা হয়। এরপর ঠিকাদার লাপাত্তা হয়ে যান। দিনাজপুর থেকে রেলওয়ের উপসহকারী প্রকৌশল বিভাগ থেকে গত মঙ্গলবার লোকবল এনে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হয়েছে। ওই বিভাগের কর্মকর্তা নারায়ণ চন্দ্র এর সত্যতা নিশ্চিত করেন। স্টেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোজামেঞ্চল হক বলেন, এই কাজের দায়িত্বে ছিল রেলওয়ের লালমনিরহাট বিভাগ। স্টেশনের একটি সূত্র জানায়, রেলওয়ে স্টেশনে কী কাজ করা হচ্ছে, এখানকার কর্মকর্তা-কর্মচারীরা তা অবগত নন। কাজ করতে গেলে কাজের ধরন, ব্যয় এবং কী ধরনের কাজ করা হবে এর একটি সাইনবোর্ড টাঙানোর নিয়ম থাকলেও এটিও করা হয়নি। লালমনিরহাট রেল বিভাগের বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক কাজ শেষ না হওয়ায় পুরো বিল দেওয়ার বিষয়টি সত্য নয় বলে দাবি করেন। বাকি কাজ রেল বিভাগের পক্ষ থেকে করানোর বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।