কাজ শেষ না হতেই ধস
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বাগধা ইউনিয়নে জোবার গ্রামে পানি নিষ্কাশনের জন্য নির্মিত কালভার্টের কাজ শেষ না হতেই ধসে পড়েছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির কারণে এ অবস্থা হয়েছে। আর এলজিইডি কর্তৃপক্ষ কাজ শেষ হওয়ার প্রায় আট মাস আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর—এলজিইডি, স্থানীয় ব্যক্তিদের অভিযোগ ও ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে প্রায় ৩০ হাজার কৃষকদের স্বার্থে পানি নিষ্কাশনের জন্য জোবারপাড় পটিবাড়ী এলাকায় আড়াই লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১১ সালের মার্চ মাসে দরপত্র আহ্বান করা হয়। এপ্রিল মাসে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স হারুন ব্রাদার্সকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু প্রকৃতপক্ষে কাজটি করে আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মৃধা। ৩০ জুন কাজ শেষ করার কথা থাকলেও কাজ শুরুই করা হয়নি। কিন্তু প্রভাব খাটিয়ে ৩০ জুন চূড়ান্ত বিলের আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়।জোবারপাড় গ্রামের হাবিবুর রহমান ও শেখর দত্ত অভিযোগ করেন, বিল তুলে নেওয়ার পর ঠিকাদার গত ডিসেম্বর মাসে তড়িঘড়ি করেন। তাঁদের অভিযোগ, ঠিকাদার জসিম উদ্দিন মৃধা ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় নিম্নমানের উপকরণ দিয়ে কালভার্টটি নির্মাণ করেন। এলাকাবাসী কাজে বাধা দিলে ভয়ভীতি দেখানো হয়। এমনকি তদারকিতে নিয়োজিত আগৈলঝাড়া এলজিইডির কার্য সহকারী আজাহার মিয়ার কাছে এ ব্যাপারে অভিযোগ দিলে তিনি কোনো ব্যবস্থা নেননি। তবে আজাহার মিয়া বলেন, ‘আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’সরেজমিনে দেখা গেছে, ‘ঠিকাদার প্রকল্পের আরসিসির কাজ সম্পন্ন করে মাটির কাজ করেছেন। কালভার্টের গাইড ওয়াল নির্মাণ করার আগে সামান্য গভীরতায় ভিত্তি দেওয়া হয়েছে। কালভার্টের দুই পাশের গাইড ওয়াল ভেঙে খালের মধ্যে পড়ে রয়েছে। গাইড ওয়ালের ভাঙা অংশে কোনো রড দেখা যায়নি। এ ব্যাপারে জসিম উদ্দিন মৃধা বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানোর অভিযোগ সঠিক নয়। কালভার্টের গাইড ওয়াল মাটির চাপে ভেঙে পড়েছে। এগুলো সংস্কার করে দেওয়া হবে।আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম এ কালভার্ট ধসে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান কালভার্টের কাজ সংস্কার করে না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ জামানত বাজেয়াপ্ত করা হবে। অগ্রিম বিল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিল তুলে আমাদের কাছে রাখা হয়েছে ঠিকাদারকে দেওয়া হয়নি।’