কাজ শেষ না হতেই ফাটল দেবে গেছে অনেক জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শেষ হতে না-হতেই ফাটল ও ভাঙন দেখা দিয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে। অনেক স্থান দেবেও গেছে। সিলেটের বালাগঞ্জ উপজেলার শেরপুর থেকে সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটার সড়ক ঘুরে এ চিত্র চোখে পড়ে।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ৫৮ কিলোমিটার অংশে তিনটি পৃথক ধাপে সংস্কারকাজ চলছে। এই কাজের মধ্যে রয়েছে গড় ৭ দশমিক ৩ মিটার প্রস্থে ও ৫০ মিলিমিটার পুরুত্বে ঘন বিটুমিনের আস্তর দেওয়া (ডেন্স বিটুমিনাস সার্ফেসিং) এবং ১ দশমিক ৫ মিটার প্রস্থের হার্ডশোল্ডার ফুটপাত তৈরি।৫৮ কিলোমিটারের মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের লালাবাজার পর্যন্ত সাড়ে ৪৫ কিলোমিটারের কাজ করেছে ঢাকার কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড। এর মধ্যে সাড়ে ২৮ কিলোমিটার আছে সিলেট জেলার শেরপুর থেকে লালাবাজার পর্যন্ত। ২৮ কোটি ৫৮ লাখ টাকার এই কাজটি ২০০৯ সালের শেষ দিকে শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে।এ ছাড়া লালাবাজার থেকে তেলিবাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের কাজ চলতি এপ্রিলে শুরু হয়ে শেষ হয়েছে গত জুনে। দুই কোটি ২৫ লাখ টাকায় এ কাজটি করে নির্মিতি লিমিটেড অ্যান্ড আল জালাল করপোরেশন। তেলিবাজার থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত নয় কিলোমিটার রাস্তার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএনও জেবি। চার কোটি ৫০ লাখ টাকার এ কাজটি চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসের মধ্যে।রাস্তা দেবে যাওয়া ও ফাটলের জন্য অতিরিক্ত পণ্যবাহী গাড়িকে দায়ী করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু পরিবহন মালিক, শ্রমিক ও এলাকাবাসী বলছে ভিন্ন কথা। তাদের বক্তব্য, এই মহাসড়ক দিয়ে অতিরিক্ত পণ্যবাহী গাড়ি দীর্ঘদিন ধরে চলাচল করছে। কাজেই সেটা বিবেচনায় রেখে জরিপ করে রাস্তার কাজ করা উচিত ছিল।সিলেট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সহসভাপতি শাহনুরুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাস্তার কাজ ভালো হয়নি। বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে। সওজ তো কখনো অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচলে বাধা দেয় না, তাহলে এখন রাস্তা নষ্ট হওয়ার জন্য তারা এ কথা বলছে কেন।’শ্যামলী পরিবহনের বাসচালক মজিবুর রহমান বলেন, ‘বেশি দিন হয়নি রাস্তায় কাজ করা হয়েছে, কিন্তু এর মধ্যেই রাস্তা ভেঙে গেছে। রাতে দেবে যাওয়া অংশে ঝুঁকি নিয়ে চলাচল করি।’নির্মিতি লিমিটেড অ্যান্ড আল জালাল করপোরেশন ও পিএনও জেবির কার্যক্ষেত্র প্রকৌশলী গোলাম আযম বলেন, ‘এই কাজটি করে আমরাও বিব্রতকর অবস্থায় আছি। কাজে কোনো ত্রুটি করা হয়নি, কিন্তু তার পরও কিছু সমস্যা দেখা দিয়েছে।’রাস্তায় ফাটল ও দেবে যাওয়ার কথা স্বীকার করে গোলাম আযম বলেন, ‘কার্পেটিংয়ের নিচে মাটির স্তরে সমস্যা রয়েছে। সেটি সমাধান না করে তার ওপরে যত ভালো কাজই করা হোক না কেন, তা টিকবে না।’কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেডের প্রকল্প পরিচালক মৃত্যুঞ্জয় ঘোষাল বলেন, ‘পুরাতন রাস্তার ওপর আমরা শুধু কার্পেটিং করে দিয়েছি। ওই সময় আমরা সওজকে বলেছিলাম পুরাতন স্তর উঠিয়ে বা রিসাইকেল করে কাজটি করা না হলে রাস্তাটি টেকানো কঠিন হবে। নিচে ফাটল থাকলে ওপরেও ফাটল দেখা দেবে।’এ ব্যাপারে সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, কিছু কিছু জায়গায় কার্পেটিং দেবে গিয়ে সরে গেছে। অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলাচলের কারণে এটা হতে পারে। এ ছাড়া নিচে পুরোনো ফাটল থাকায় নতুন কাজে ফাটল দেখা দিতে পারে, তবে সেটা বড় কোনো সমস্যা নয়।