
রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় শহর রক্ষা বাঁধ রক্ষণাবেক্ষণ কাজ শেষ না হতেই গতকাল শনিবার ভোরে ব্লক ধসে গেছে। জরুরি ভিত্তিতে এখন সিনথেটিক বস্তায় বালি ভরে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সময়মতো কাজ না করে পানি হাতড়ে এই ব্লক বসানো হচ্ছিল। অভিযোগ ছিল কাঁচা ব্লক দিয়ে যেনতেনভাবে এই কাজ করা হচ্ছিল।
শ্রীরামপুর এলাকায় জেলা পুলিশ লাইনসের কাছে শহর রক্ষা বাঁধে গত বছরের সেপ্টেম্বর মাসে ভাঙন দেখা দেয়। সুরতি বাঁধের ব্লক খুলে নদীতে পড়ে যায়। শুকনো মৌসুমে এই বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নদীতে নতুন পানি আসার সময় গত মে মাসে বাঁধের ১৫১ দশমিক ৭৫ মিটার ক্ষতিগ্রস্ত জায়গা সংস্কারের জন্য কার্যাদেশ দেওয়া হয়। এ জন্য ১ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দ পাওয়া যায়। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে হাতড়ে হাতড়ে ব্লক বসানো হচ্ছিল। নিয়ম অনুযায়ী, এই ব্লক তৈরি করে প্রায় এক মাস পরিচর্যার পর বাঁধে বসানোর কথা। কিন্তু ঠিকাদার ফ্রেমে উপকরণ ঢেলে ব্লক শক্ত হওয়ার আগেই তার গায়ে এক মাস আগের তারিখ লিখে যেনতেনভাবে বসিয়ে দিচ্ছিলেন।
এ বিষয়ে ১৯ জুলাই প্রথম আলোতে ‘রাজশাহী শহর রক্ষা বাঁধ: পানি হাতড়ে বসানো হচ্ছে ব্লক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এই সংস্কারকাজ দেখতে যান। তিনি সংস্কাকাজে এই অনিয়ম দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তারপরও একইভাবে বাঁধে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হচ্ছিল।
স্থানীয় লোকজন বলেন, গতকাল দিবাগত রাতে বাঁধের একটি অংশ নদীর মধ্যে বসে যায়। সকালে পাউবোর প্রকৌশলীরা এসে বালুর বস্তা ফেলার নির্দেশ দেন। সকাল থেকে বালুর বস্তা ফেলে দেবে যাওয়া অংশ ভরাট করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বাঁধের নিচে পানির ভেতরে পাথর ও ব্লক ফেলা হচ্ছে। গতকাল দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা কোমরপানিতে নেমে বস্তা ফেলার কাজ করছেন।
বরাবরের মতো রক্ষণাবেক্ষণের এই কাজটি দেখাশোনা করছিলেন রাজশাহী পাউবোর উপসহকারী প্রকৌশলী সরদার মো. রুহুল আমিন। তিনি বলেন, বাঁধের ৩৫ মিটার এলাকার দুই সারি ব্লক হঠাৎ দেবে গেছে। ইতিমধ্যে তাঁরা দ্রুত ১ হাজার ৬০০ সিনথেটিক বস্তায় বালু পুরেছেন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ৮০০টি বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত জায়গা প্রায় ভরাট করে ফেলেছেন।
জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, নতুন মাটিতে কাজ করার কারণে এই সমস্যা হয়েছে। সাধারণত মূল মাটিতে কাজ করার কথা। কিন্তু ওই বাঁধে মূল মাটিতে কাজ করার সুযোগ ছিল না। নতুন মাটি ফেলে তার ওপর কাজ করতে হয়েছে। এতে করে দুই সারি ব্লক ‘স্লিপ’ করে নেমে গেছে। তবে এ ধরনের কাজের অভিজ্ঞতা তাঁদের রয়েছে। তাঁরা এখন আর ব্লক বসাবেন না। বাঁধের বাকিটা বস্তা দিয়ে ঢেকে ফেলবেন। শুকনা মৌসুমে ব্লক বসাবেন। আপাতত যেটা করা হচ্ছে, তাতে ঝুঁকির তেমন আশঙ্কা নেই বলে জানান এই প্রকৌশলী।