কাজ শেষ না হতেই সড়ক বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও থেকে ইছাগড়ি পর্যন্ত সড়ক পাকা করার কাজ শুরু হয় গত মার্চে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই হাওরের ঢেউয়ে ভেঙে যাচ্ছে সড়কটি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও থেকে ইছাগড়ি পর্যন্ত সড়ক পাকা করার কাজ শুরু হয় গত মার্চে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই হাওরের ঢেউয়ে ভেঙে যাচ্ছে সড়কটি। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও থেকে ইছাগড়ি গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু হয়েছে গত মার্চ মাসে। সড়কটি দেখার হাওরের ভেতর দিয়ে গেছে। কাজ শেষ হওয়ার আগেই হাওরের ঢেউয়ে ভেঙে গেছে সড়ক ও সড়কের দুই পাশে দেওয়া পাকা ব্লক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই সড়কের তিন কিলোমিটার পাকা করার কাজ হচ্ছে। এর মধ্যে হাওরের ঢেউ থেকে সড়কটি রক্ষায় দুই পাশে ৭০০ মিটারে দেওয়া হচ্ছে পাকা ব্লক। কাজটি করছেন জেলার দোয়ারাবাজার উপজেলার ঠিকাদার মিলন কান্তি দে।

সরেজমিনে গতকাল রোববার দেখা গেছে, সড়কের তিন কিলোমিটারের মধ্যে কিছু অংশ পাকা করা হয়েছে। বাকি অংশ এখনো পাকা না হলেও দুই পাশে পাকা ব্লক দেওয়া হয়েছে। কিন্তু সড়কের উত্তর পাশে বিভিন্ন স্থানে এসব ব্লকের প্রায় ৫০০ মিটার ভেঙে হাওরে পড়েছে। সেই সঙ্গে হাওরের ঢেউয়ে ভেঙে গেছে সড়কও। কোনো কোনো স্থানে সড়ক তলিয়ে গেছে। এতে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে মানুষজন।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সড়ক দিয়ে সদর উপজেলার ইসলামপুর, গোয়াছুড়া, রৌয়ারপাড়, চিলাউড়া, নোয়াগাঁও, ইছাগড়ি, জগজ্জীবনপুর, হরিপুর গ্রামের মানুষজন চলাচল করে। গত মার্চ মাসে এ সড়কের কাজ শুরু হয়। কিন্তু কিছুদিন কাজ করার পর এপ্রিল মাসে অকালবন্যা হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। এরপর হাওরের ঢেউয়ে ভাঙতে থাকে সড়ক।

ইসলামপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়া বলেন, তাঁদের গ্রামের পাশ দিয়ে যাওয়া সড়ক ভেঙেছে সবচেয়ে বেশি। কিছু জায়গা পানিতে তলিয়ে গেছে। এ কারণে নৌকায় চলাচল করতে হচ্ছে।

একই গ্রামের জসিম উদ্দিন বলেন, শুধু সড়কের পাশের ব্লক নয়। কোনো কোনো স্থানে সড়কই নেই। ভেঙে হাওরে চলে গেছে। এখন ঠিকাদার বাকি কাজ কীভাবে করবেন বুঝতে পারছি না।

গোয়াছুড়া গ্রামের তরিকুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে এলাকার আটটি গ্রামের মানুষজন শহরে চলাচল করে। সড়ক ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে সবচেয়ে বেশি। যেভাবে কাজ হচ্ছে, তাতে সড়ক টিকবে না। সড়কের দুই পাশে হাওর। কিন্তু কাজের মান দুর্বল। বর্ষায় পুরো সড়কই ভেঙে যাবে।

ঠিকাদার মিলন কান্তি দে বলেন, ‘হাওরের ঢেউয়ে সড়ক ও ব্লক ভেঙে যাওয়ায় বিরাট ক্ষতির মুখে পড়েছি। কাজের নকশায় ত্রুটি আছে। এভাবে ব্লক দিয়ে কাজ করলে এ সড়ক কোনোভাবে টিকবে না। এখানে সড়কের দুপাশে রড দিয়ে আরসিসি ক্রস ঢালাই দিতে হবে। আপাতত কাজ বন্ধ রেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘হাওরে অসময়ে পানি আসার কারণেই সমস্যা হয়েছে। ঢেউয়ে সড়কটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পাকা ব্লকসহ সড়ক ভেঙে গেছে। পানি কমলে আমরা বিষয়টি দেখব। ঠিকাদার তখন আবার এই সড়কের কাজ করবেন।’