কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল ভবনের দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলা সদরে অবস্থিত সালথা মডেল উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দেয়ালের একাংশ ধসে পড়েছে। গত রোববার সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলার পেছনের একটি অংশের দেয়াল ভেঙে মাটিতে পড়ে গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ‘৩১০টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি উচ্চবিদ্যালয় মডেল স্কুলে রূপান্তর’ নামের একটি প্রকল্প হাতে নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ প্রকল্প থেকে ১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৮৫ টাকা সালথা মডেল উচ্চবিদ্যালয়কে তিনতলা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। এ কাজটি করছেন লক্ষ্মীপুরের আনোয়ার হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ১৬ জুন এ নির্মাণকাজ শুরু হয়। ১৮ মাসের মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও এখনো অধিকাংশ কাজ শেষ হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার বলেন, ‘নির্মিতব্য ওই ভবনের কাজের মান নিয়ে আমাদের মধ্যে দুঃশ্চিন্তা বিরাজ করছে।’ ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি গোলাম মুনছুর বলেন, যেটুকু দেয়াল ভেঙেছে তা পুনরায় মেরামত করে দেওয়া হবে। ভবনের ভেতরের পাইপ ঢাকার জন্য এ দেয়াল নির্মাণ করা হয়েছিল।
উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী সাব্বির আলী বলেন, জেলা নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে এসেছিলেন।
তবে এ কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।