কাজ শেষ হওয়ার আগেই উড়ে গেল ভবনের চালা
নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই গত মঙ্গলবারের কালবৈশাখীতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চবিদ্যালয়ের টিনশেড ভবনের চালা উড়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভবনটি নির্মাণ করা হচ্ছিল।মহালছড়ি উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অপেক্ষাকৃত দুর্গম এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। এটি ক্যাংঘাট ইউনিয়নের একমাত্র উচ্চবিদ্যালয়।গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি পাকা ভবনসহ পাঁচটি ছোট-বড় টিনশেড ভবন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ভবনের চালা কালবৈশাখীতে উড়ে গেছে। চালাটি দুমড়েমুচড়ে বিদ্যালয়ের মাঠে পড়ে যায়। ভবনটির নির্মাণকাজ ১০ বছর আগে শুরু করা হলেও এখনো দেয়ালে প্রলেপ (প্লাস্টার) দেওয়া হয়নি। ভবনের দরজা-জানালা-গ্রিল নেই। উল্টাছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার চাকমা বলেন, ২০০৩ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দুই কক্ষবিশিষ্ট একটি এবং তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। দুটি ভবনেরই এখনো নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই তিন কক্ষবিশিষ্ট ভবনের চালা ঝড়ে উড়ে গেল। তিনি জানান, বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ভবনের মেঝে পাকা করা হয়েছে। বড় ভবনের চালা উড়ে যাওয়ায় বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হবে। প্রধান শিক্ষক আরও বলেন, কাজ পুরোপুরি শেষ করার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ে অনেক ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বসুদেব চাকমা ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণসহ বিদ্যালয়ের অন্য ভবনের অসমাপ্ত কাজ শেষ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, বোর্ডের বিশেষ শিক্ষা প্রকল্পের আওতায় উল্টাছড়ি উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। বরাদ্দ যা ছিল, ততটুকু কাজ শেষ হয়েছে। তিনি বলেন, প্রকল্পটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এখন এ খাতে কোনো বরাদ্দ নেই। তাই এখন তাঁদের করার কিছুই নেই।