কাজ শেষ হওয়ার আগেই সেতুতে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শেষ হওয়ার আগেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় ফুলজোড় নদীর ওপর সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। ঝুঁকি নিয়ে এভাবে সেতু পার হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।গতকাল সোমবার সরেজমিনে জানা যায়, ১৯৯৬ সালে এই নদীর ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালের জানুয়ারি মাসে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ শুরু হয়। ১৫০ মিটার দীর্ঘ ও আট মিটার প্রস্থের এ সেতুটির মূল কাজ শেষ হলেও দুই পাশের রেলিং ও সংযোগ সড়কের কাজ চলছে। সেতুর পূর্ব পাশে মাটি ফেলার কাজ চলছে। কিন্তু এ অবস্থায়ই ধানগড়া-চান্দাইকোনা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও মানুষজন সেতু পার হয়ে চলাচল করছে।এলাকাবাসী জানায়, লোকজনের পারাপারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নৌকার ব্যবস্থা করেছিল। কিন্তু মূল সেতুর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা নৌকায় পারাপার বন্ধ করে দেয়। ফলে এলাকাবাসীকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে। চান্দাইকোনা যেতে আগে ভুঁইয়াগাতী হয়ে প্রায় ১৫ কিলোমিটার ঘুরতে হতো। বর্তমানে সেতু দিয়ে এসব যানবাহন পার হচ্ছে। ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, ‘বগুড়া থেকে মালবোঝাই করে ধানগড়া আসতে ভুঁইয়াগাতী হয়েই এসেছি। ফেরার সময় খালি ট্রাক তাই এই সেতু পার হয়ে যাচ্ছি।’ সিএনজিচালিত অটোরিকশার চালক মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে ধানগড়া-চান্দাইকোনা সরাসরি যোগাযোগ বন্ধ ছিল। এখন সেতুর মূল কাজ শেষ হওয়ায় একটু ঝুঁকি হলেও তাঁরা চলাচল করছেন। সেতুতে রাতের বেলায় আলোর ব্যবস্থা না থাকায় লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরিফুল আলমের ব্যবস্থাপক মো. শফিউল্লাহ বলেন, আগে যারা বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দিয়েছিল, তারা বর্তমানে লাইন কেটে দেওয়ায় আলোর ব্যবস্থা করা যাচ্ছে না। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুর ওপর দিয়ে বিভিন্ন যানবাহনসহ মানুষের চলাচলের বিষয়টি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া রাতের বেলায় সেতু এলাকায় প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।