কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং
বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার বনানী থেকে চান্দাইকোনা অংশটি আবারও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত বছরের ডিসেম্বরে মহাসড়কের এই অংশের মেরামত শেষ হওয়ার পর তিন মাস ধরে বিভিন্ন স্থানের কার্পেটিং ও সিলকোট উঠে যাচ্ছে। এতে একদিকে যেমন প্রায়ই দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।ক্ষতিগ্রস্ত অংশ পুনঃসংস্কারের জন্য বগুড়া সড়ক বিভাগ থেকে ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (রংপুর) কার্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে পুনঃসংস্কার হচ্ছে না। এ অবস্থায় আসছে বর্ষায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বগুড়া সওজ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কের ১৭ কিলোমিটার পুনর্নির্মাণ শুরু হয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে। ১৪ কোটি ২০ লাখ টাকায় কাজটি পায় ঢাকার ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেড। নির্দিষ্ট সময় অর্থাৎ ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজও শেষ হয়। তবে নর্দমা নির্মাণ, সংকেত স্থাপন ও রাস্তা রং করার কাজ বাকি থাকা অবস্থায় সড়ক বিভাগের কাছে সড়কটি বুঝিয়ে দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মহাসড়কের ওই অংশে কার্পেটিং উঠতে শুরু করে। কার্পেটিং এমনভাবে উঠতে শুরু করে যে যানবাহন ব্রেক করলে তা এক জায়গায় জড়ো হয়। এতে সড়কের বিভিন্ন স্থান উঁচ-নিচু হয়ে গেছে। যে অংশের কার্পেটিং উঠে গেছে, সেই অংশ বাদ দিয়ে যানবাহন একদিকে চলাচল করায় দুর্ঘটনা বেড়ে গেছে। ৭ এপ্রিল শাজাহানপুর উপজেলার শালুকগাড়িতে কার্পেটিং উঠে যাওয়া স্থানে দুর্ঘটনায় তিনজন নিহত হন। একই দিন শেরপুর উপজেলার মহিপুরে সেনাসদস্য নিহত হন তিনজন। ১৫ এপ্রিল শাজাহানপুর উপজেলার ফটকি সেতুর কাছে যুবলীগের নেতাসহ নিহত হন দুজন। এ ছাড়া গত মার্চের শেষের দিকে শেরপুরে দুর্ঘটনায় মারা যান সাতজন।সওজ বগুড়ার নির্বাহী প্রকৗশলী আবুল হোসেন প্রামাণিক জানান, কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি ঠিকাদারকে প্রথমে মৌখিকভাবে জানানো হয়। পরে লিখিত আকারে চুক্তি অনুযায়ী পুনরায় মেরামত করতে চিঠি দেওয়া হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কোনো ব্যবস্থা নেয়নি। পরে গত ১৮ মার্চ আবারও চিঠি দিয়ে সাত দিনের সময় দেওয়া হয়। এতেও কোনো কাজ না হওয়ায় সওজের বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ২৩ মার্চ আবারও ১৫ দিনের মধ্যে পুনরায় মেরামত শেষ না করলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা হয়। কিন্তু কাজ তো দূরের কথা, চিঠির কোনো জবাব দেয়নি ঠিকাদার প্রতিষ্ঠান।নাম প্রকাশ না করার শর্তে সওজ বগুড়ার একজন কর্মকর্তা জানান, এই কাজের চুক্তিদাতা সওজের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়। নির্ধারিত সময়ের মধ্যে বা জামানত থাকা অবস্থায় কোনো ক্ষতি হলে সেই কাজ ঠিকাদার তা মেরামত করতে বাধ্য। কিন্তু সেই কার্যালয় থেকে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়নি।তবে সওজের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, তিনি মাস দেড়েক আগে এখানে যোগ দিয়েছেন। এখানে তাঁর কোনো উদাসীনতা নেই। ঠিকাদারকে চিঠি না দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বগুড়া থেকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে দেখবে, কী কারণে এই সড়ক নির্মাণ করতে না করতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর রাস্তাটি দ্রুত মেরামত করা হবে। এ ব্যাপারে কথা বলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান আইটিসিএলের পরিচালক মাসুদুল হকের মোবাইলে তিন দিনে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।