কাজ শেষ হয়নি, বিল তুলে নিলেন ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ না করেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিলের সব টাকা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার প্রায় দুই কিলোমিটার কার্পেটিং করার জন্য গত ডিসেম্বরে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়। দরপত্র আহ্বান করা হলে কার্পেটিংয়ের কাজের দায়িত্ব পায় এম এস নজরুল কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।খোঁজ নিয়ে জানা গেছে, গত মার্চে গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের জেমঘাট এলাকায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কার্পেটিংয়ের কাজ শুরু করে। পরে ঠিকাদার দুই কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটারে কার্পেটিংয়ের কাজ শেষ করেন। এ কাজ তদারকের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ পুরো কাজ শেষ হয়েছে উল্লেখ করে ২৫ মে উপজেলা প্রকৌশলীর কাছে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রকৌশলী ঠিকারদাকে সম্পূর্ণ কাজের বিল দিয়ে দেন। শাপলাপুর ইউপির চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী জানান, প্রায় আধা কিলোমিটার কাজ শেষ না করে উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে সংস্কারকাজের পুরো বিল তুলে নেন ঠিকাদার। এতে এলাকার লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোহাম্মদ পারভেজ বলেন, ‘কার্পেটিং করার সময় অনেক স্থানে দরপত্রে উল্লেখ করা কাজের বাইরেও বেশি কাজ করা হয়েছে। এ কারণে সামান্য কাজ অসম্পূর্ণ রয়েছে।’ তদারক কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ‘ওই সড়কে কার্পেটিংয়ের সামান্য কাজ বাকি রয়েছে।’ এর পরও বিল দেওয়ার জন্য কেন সুপারিশ করলেন—জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ‘তদারকের দায়িত্বপ্রাপ্ত কমকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছে। কিন্তু পুরো কাজ শেষ না করে বিল দেওয়ার নিয়ম নেই।’মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাজ শেষ না করে পুরো বিল তুলে নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’