কাজ শেষহতেই উঠে যাচ্ছে বিটুমিন-নুড়ি পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের বিভিন্ন স্থানে ওভারলে কাজের (যন্ত্রের মাধ্যমে বিটুমিন ও নুড়ি পাথরের মিশ্রণে কার্পেটিং) পর পরই বিটুমিন-নুড়ি পাথর উঠে যাচ্ছে। এ ছাড়া ওভারলের পুরুত্বও নির্ধারিত পরিমাপের হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের প্রায় ৩৬ কিলোমিটার জায়গায় ওভারলে কাজের জন্য সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয় থেকে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১১ কোটি টাকার এই কাজ পায় ঢাকার ‘আরসিএসএস-জেভি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই বছরের আগস্ট থেকে কাজ শুরু করতে সওজ অধিদপ্তর কার্যাদেশ দিলেও প্রতিষ্ঠানটি কাজ শুরু করেনি। ২০১১ সালের মাঝামাঝি আরসিএসএস-জেভি কাজটি কুলাউড়ার ‘এম আর ট্রেডিং’ নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। গত ডিসেম্বর মাস থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি কুলাউড়ার চুনঘর এলাকা থেকে কাজ শুরু করে। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি। এ পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার জায়গার কাজ সম্পন্ন হয়েছে। ১০-১৫ দিন আগে সড়কের জুড়ী উপজেলা অংশে কাজ শুরু হয়। গত শুক্রবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জুড়ী উপজেলার ভূঁয়াই, ভোগতেরা, কণ্ঠিনালা সেতু ও জাঙ্গিরাই এলাকা ঘুরে দেখা গেছে, সড়কটির অনেক জায়গায় বিটুমিন ও নুড়ি পাথর উঠে গেছে। কোথাও ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।জাঙ্গিরাই এলাকার ব্যবসায়ী জামাল উদ্দিন (৩৫) সড়কের অবস্থা দেখে বলেন, ‘কাজর কোয়ালিটি খারাপ অইছে। দুই দিন গেল না, এখনই পিচ উঠি যার (উঠে যাচ্ছে)।’ সওজ অধিদপ্তরের একটি সূত্র জানায়, কাজের শর্ত অনুযায়ী, সড়কে ওভারলের পুরুত্ব ৪০ মিলিমিটার হওয়ার কথা। কিন্তু বিভিন্ন জায়গায় ৩০-৩৫ মিলিমিটার হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে এম আর ট্রেডিংয়ের কর্ণধার মুহিবুর রহমান গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মিক্সচার মেশিনের (ওভারলে কাজের মিশ্রণযন্ত্র) কাজে একটু-আধটু সমস্যা দেখা দিতে পারে। যেখানে সমস্যা হয়েছে, সে জায়গা ঠিকঠাক করে দেওয়া হবে।’ পুরুত্ব ঠিক আছে বলে তিনি দাবি করেন। কাজ তদারকের দায়িত্বে থাকা সওজ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সোহেল মিয়া বলেন, ‘কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আমরা ত্রুটি ধরিয়ে দিই। কিন্তু তারা গুরুত্ব দেয় না।’সওজ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নূরুন্নবী তরফদার গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কের কাজ সরেজমিন পরিদর্শন করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছু জায়গায় সমস্যা হয়েছে দেখেছি। সেটা মেরামত করে দিতে ঠিকাদারকে বলা হয়েছে।’