কাজ শেষে কার্যাদেশ!
কাজ শেষ হয়েছে এক বছর আগে। এখন সেই কাজেরই আবার কার্যাদেশ দেওয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নয়টি প্রকল্পের কাজ নিয়ে এ তুঘলকি কাণ্ড ঘটেছে।
শুধু তাই নয়, চলতি অর্থবছরের বাকি আছে মাত্র ২৩ দিন। অথচ এই শেষ সময়ে এসে অনুমোদন নেওয়া হয়েছে বেশ কিছু নতুন প্রকল্পের। প্রকল্পগুলোর কাজ আদৌ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কার্যাদেশ পাওয়া নয়টি প্রকল্পের ঠিকা মূল্য ২৬ লাখ ৮২ হাজার ৫৯২ টাকা। আর অনুমোদিত প্রকল্পের মধ্যে আটটি প্রকল্পেরই প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৭ লাখ ৯৭ হাজার ২৭ টাকা।
নিয়ম অনুযায়ী প্রথমে প্রশাসনিক অনুমোদন নিয়ে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। তারপর ওই ঠিকাদার কার্যাদেশ পান। তিনি চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ করবেন। কিন্তু নয়টি প্রকল্পের ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। কোনো দরপত্র ছাড়াই পছন্দের ঠিকাদার দিয়ে ইচ্ছেমতো কাজগুলো করা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের এপ্রিলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন। এ উপলক্ষে তড়িঘড়ি করে হাসপাতালের ১৩টি ওয়ার্ডের বিভিন্ন অংশে ওয়েদার কোট রং ও বিশেষ মেরামত কাজ করা হয়। এক বছর পর সেই কাজের জন্য এখন মোট নয়টি প্রকল্প দেখানো হয়েছে। কাজগুলো গত মাসে নগরের ‘কাজীহাটা, রাজশাহী’ ঠিকানায় চারজন ঠিকাদার ও পাঁচটি প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়া হয়।
কার্যাদেশ পাওয়া ঠিকাদার ও প্রতিষ্ঠানগুলো হলো—জুবায়েরী হাসান রানা, মেসার্স আর এল এন্টারপ্রাইজ, মেসার্স হাবিব এন্টারপ্রাইজ, মো. আবদুস সালেক, মেসার্স আর এস কন্সট্রাকশন, রিফা এন্টারপ্রাইজ, ঠিকাদার রকিব উদ্দিন আহমেদ, রকিব উদ্দিন আহম্মেদ ও মেসার্স বিশাল এন্টারপ্রাইজ।
কাজগুলোর মধ্যে হাসপাতালের ১০, ৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের নষ্ট হয়ে যাওয়া জলছাদের মেরামত রয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে আট লাখ টাকা। কিন্তু শনিবার দুপুরে ওয়ার্ড তিনটির ছাদে গিয়ে দেখা যায়, সেখানে কোনো মেরামতকাজ হয়নি। ছাদটি এখনো ভালোই আছে।
জানতে চাইলে রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম ফয়জুল ইসলাম ওয়ার্ড তিনটির ছাদ ভালো থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এসব ওয়ার্ডের ছাদ অপেক্ষাকৃত ভালো আছে। তাঁরা এখন এ টাকা দিয়ে অন্য ওয়ার্ডে কাজ করাবেন।
আগে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করে পরে কার্যাদেশ দেওয়ার বিষয়ে প্রকৌশলী ফয়জুল বলেন, এটা ভবিষ্যতে আর যাতে না হয়, সে জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ‘আগে কাজ করে পরে প্রশাসনিক অনুমোদন নেওয়ার এই রেওয়াজ রাজশাহী ছাড়া বাইরেও হয়। জরুরি ভিত্তিতে কাজগুলো করা হয়েছে। এখন তা সমন্বয় করা হচ্ছে।’
হাতে পর্যাপ্ত সময় না থাকলেও হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ, জলছাদ ও একজন উপসহকারী প্রকৌশলীর বাসা মেরামত, হাসপাতালের এয়ারকুলার সরবরাহ ও স্থাপন, সাবমার্সিবল পাম্প সরবরাহ ও স্থাপনসহ বেশ কিছু প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো নির্ধারিত সময়ের মধ্যেই করা হবে বলে প্রকৌশলী ফয়জুল দাবি করেন।