কাজ শেষে দরপত্র আহ্বান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় স্বাস্থ্য বিভাগের একটি স্থাপনার নির্মাণকাজ শেষ হওয়ার পর সেটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আর দরপত্রের মাধ্যমে অন্য একটি কাজ শেষ হওয়ার পর আবারও দরপত্র আহ্বান করা হয়েছে। একই সঙ্গে আহ্বান করা অন্যান্য দরপত্রের শিডিউল ঠিকাদারদের কাছে বিক্রি করা হলেও ওই দুটির শিডিউল সাতক্ষীরায় বিক্রি করা হয়নি। পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে এটা করা হয়েছে বলে সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদর হাসপাতালের প্রধান ভবনের পূর্বপাশে গুদামের কাজ গত অক্টোবরে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। কাজটি করেছেন সাতক্ষীরার নাইয়ান এন্টারপ্রাইজের মালিক নাজমুল আরেফিন। তিনি একজন মন্ত্রীর ভগ্নিপতি বলে জানা গেছে। এ বিষয়ে গত নভেম্বরে সাতক্ষীরার সিভিল সার্জন জেড আতিক বলেছিলেন, কাজটি কারা করছে, তা স্বাস্থ্য প্রকৌশল দপ্তর জানে। আর স্বাস্থ্য অধিদপ্তরের খুলনার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্যা বলেছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের ভবন নির্মাণ করছে গাজী এন্টারপ্রাইজ। ওই কাজের সঙ্গেই গুদামের কাজটি করা হচ্ছে।আরও জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী প্রকৌশলী কার্যালয়ের দোতলার নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয় ২০১১ সালের এপ্রিলে। কাজটি পান খুলনার ঠিকাদার আবুল হোসেন। ২৩ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে এ কাজ সম্পন্ন দেখানো হয় ২ ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি স্বাস্থ্য প্রকৌশল দপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোল্যা ১৩৬টি কাজের দরপত্র আহ্বান করেন। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ৬৫টি কাজ ছিল। এসব কাজের দরপত্র সম্পন্ন হয় ৮ ফেব্রুয়ারি। এর মধ্যে ৮২ নম্বর প্যাকেজে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের গুদামঘর নির্মাণ ও ৮৪ নম্বর প্যাকেজে সাতক্ষীরার সহকারী প্রকৌশল কার্যালয়ের দোতলা নির্মাণকাজের দরপত্র রয়েছে। গুদামঘর নির্মাণব্যয় ধরা হয়েছে তিন লাখ ৯৯ হাজার ৫৫৫ দশমিক ৬৭ টাকা ও দোতলার কাজের জন্য ব্যয় ধরা হয়েছে সাত লাখ ৩৫ হাজার ৮৩ দশমিক ৩৮ টাকা।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার জানান, ওই দুটি প্যাকেজে কাজের জন্য শিডিউল কিনতে গেলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয় থেকে কোনো শিডিউল বিক্রি করা হয়নি, ঠিকাদারদের জানিয়ে দেওয়া হয় ওই দুটি প্যাকেজের কাজ করবে তাদের নির্ধারিত ঠিকাদার।সাতক্ষীরার নাইয়ান এন্টারপ্রাইজের মালিক নাজমুল আরেফিন জানান, গাজী এন্টারপ্রাইজের মাধ্যমে হাসপাতালের গুদামঘর নির্মাণ ও সমাজসেবা অফিসের জন্য নির্ধারিত ঘরটি আংশিক মেরামত করা হয়েছে। একই কাজের জন্য আবার দরপত্র আহ্বান করার বিষয়ে তিনি বলেন, এটা কর্তৃপক্ষের ব্যাপার। তিনি কিছু জানেন না। তবে গাজী এন্টারপ্রাইজের পক্ষে জাহিদ হাসান দাবি করেন, ওই কাজটি করেছেন নাজমুল আরেফিন নিজে। কিছু ইট, বালু ও সিমেন্ট তাঁরা সরবরাহ করেছিলেন।স্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সাতক্ষীরার উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, হাসপাতালের গুদামঘর নির্মাণ করেছেন নাজমুল আরেফিন। কিন্তু এখনো বিল দেওয়া হয়নি। এ কারণে তিনি যাতে কাজটি পান এ জন্য শিডিউল বিক্রির ব্যাপারে একটু কড়াকড়ি করা হয়। আর দোতলার কাজ করতে গিয়ে ঠিকাদারকে দিয়ে কিছু বেশি কাজ করা হয়েছে। এ জন্য নতুন আরেকটি কাজ দেখিয়ে তাঁর নামে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের খুলনার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোল্যা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জরুরি ভিত্তিতে গুদামঘর করা দরকার ছিল বলে বিনা দরপত্রে নাইয়ান এন্টারপ্রাইজকে দিয়ে করা হয়। এখন দরপত্র দেখানো হচ্ছে। এভাবে করা যায় বলে দাবি করেন তিনি।