কাজ শেষের আগেই দুই কোটি টাকার বিল ছাড়!
‘জেন্টেলম্যানস অ্যাগ্রিমেন্ট’ বা ‘ভদ্রলোকের মুখের কথা’র ওপর ভিত্তি করে হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের দুই কোটি টাকার বিল ছাড় করা হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারদের। অথচ ওই সব প্রকল্পের কোনো কাজই করা হয়নি।জানা গেছে, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ৩৮তম কিলোমিটার থেকে তিন ভাগে তিন কিলোমিটার রাস্তা মেরামতের জন্য দরপত্রের মাধ্যমে ২০ লাখ টাকার কাজ দেওয়া হয় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরীকে। দেখা গেছে, কোনো কাজ না করেই পুরো টাকা উঠিয়ে নিয়েছেন তিনি। একইভাবে হবিগঞ্জ-লাখাই সড়কের এক কিলোমিটার অংশের মেরামতকাজ, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ এক কিলোমিটার অংশের মেরামতকাজ ও বানিয়াচং-হবিগঞ্জ সড়কের দুই কিলোমিটার মাটির কাজসহ দুই লাখ টাকা করে ৪৬টি, পাঁচ লাখ টাকা করে ১৭টি এবং ৫০ হাজার টাকার ৪৬টি ‘রিকোয়েস্ট ফর কোটেশন’ বা দরপত্রের বিপরীতে দুই কোটি টাকার বিল তুলে নিয়ে গেছেন একশ্রেণীর ঠিকাদার, যাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অথচ কোনো প্রকল্পেরই কাজ হয়নি।বিল পরিশোধের সত্যতা স্বীকার করে হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, ‘টাকাগুলো ছিল গত অর্থবছরের। যে কারণে জুন মাসের মধ্যে টাকা তোলা না হলে বরাদ্দ ফেরত যেত। তাই ঠিকাদারদের সঙ্গে ‘জেন্টেলম্যানস অ্যাগ্রিমেন্টে’ বিলগুলো অগ্রিম দেওয়া হয়েছে। কোনো কোনো ঠিকাদার কাজ শুরু না করলেও আশা করা যায় আগামী দুই মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে।’ তাঁর বিশ্বাস, ঠিকাদারেরা অচিরেই কাজগুলো শুরু করবেন।হবিগঞ্জ সওজ সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০০৯-১০ অর্থবছরে জেলায় দুই কোটি টাকা বরাদ্দ আসে। জেলা সওজ বিভাগ জরুরি কাজের আওতায় ছোট ছোট ১০৯টি প্রকল্প গ্রহণ করে। শর্ত ছিল অর্থবছরের জুনের মধ্যে কাজগুলো শেষ করার। কিন্তু অর্থবছর শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট বিভাগ রাতারাতি ক্ষমতাসীন দলের নেতা ও ঠিকাদারদের মধ্যে ‘রিকোয়েস্ট ফর কোটেশন’ পদ্ধতিতে দুই কোটি টাকার কাজ বণ্টন করে। এ বিষয়ে সওজের ঠিকাদার এস এম বাবুল বলেন, ‘অন্যান্য বছর এ ধরনের কোটেশনে কাজ পছন্দের ঠিকাদারেরা পেলেও কাজ করে তাঁরা বিল তুলেছেন। কিন্তু এই প্রথম দেখলাম কাজ না করেই পুরো টাকা পাওয়ার ঘটনা।’নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী নিজেই ১০টি কোটেশনে প্রায় অর্ধকোটি টাকার কাজ পান। তবে শোনা গেছে, এ কাজের পেছনে একজন প্রভাবশালী নেতারও ভাগ রয়েছে।’এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, ‘ক্ষমতাসীন দলের কেউ কাজ না নিলেও দেখা গেছে সওজের নির্বাহী প্রকৌশলী ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙিয়ে তাঁর পছন্দের লোকজনকে কাজ দিয়ে অতিরিক্ত সুযোগ-সুবিধা নিয়েছেন। তাই নির্বাহী প্রকৌশলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে সবার আগে তদন্ত প্রয়োজন।’আওয়ামী লীগের নেতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকারদলীয় কয়েকজনের নাম উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘এ নিয়ে লেখালেখি না করাই শ্রেয়, কারণ জড়িতরা সবাই এলাকার প্রভাবশালী।’