নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে নতুন ভবন নির্মাণ ও উন্নয়নকাজের সময়সীমা পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। অথচ এরই মধ্যে নির্মাণাধীন ভবনে ফাটল দেখা দিয়েছে।রেলওয়ের প্রকৌশল বিভাগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে বিভাগের অধীনে মোহনগঞ্জসহ এই অঞ্চলের ১২টি রেলস্টেশনে নতুন ভবন নির্মাণ, প্ল্যাটফর্ম ঢালাই ও রেললাইন পুনঃস্থাপনকাজে ১৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটির ঠিকাদারি পায় ভারতের করোলা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।এ প্রকল্পের কাজ শুরু হয় গত বছরের জানুয়ারিতে এবং চলতি বছরের ১১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মোহনগঞ্জে রেলস্টেশনের নতুন ভবনটির নির্মাণকাজ এখনো বেশ বাকি রয়েছে। এরই মধ্যে নতুন ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ঠাকুরাকোনা থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রেললাইনের কাজ শুরুই হয়নি। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার নিয়েও এলাকাবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে।মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার মিনহাজ উদ্দিন তালুকদার বলেন, নবনির্মিত ভবনে ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেলওয়ে প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ভবনে নয়, ভবনের পলেস্তারায় ফাটল হয়েছে। এটা কোনো সমস্যা নয়।তবে প্রকৌশলী হামিদুর রহমান স্বীকার করেন, এ কাজে আগে কিছুটা অনিয়ম হয়েছিল। তিনি বলেন, ‘এখন কাজে যাতে অনিয়ম না হয় সেদিকে আমাদের নজর আছে।’মোহনগঞ্জ বাজারের ব্যবসায়ী রিপন বণিক বলেন, এ রেললাইনটি পণ্য পরিবহন ও মানুষ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই পথে এ উপজেলাসহ পার্শ্ববর্তী ধরমপাশার মানুষ কম খরচে ময়মনসিংহ হয়ে ঢাকায় চলাচল করে। তাই রেললাইনটির যথাযথ সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করা দরকার।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদার বলেন, কাজটির সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত। তাই কাজে নিম্নমানের উপকরণ ব্যবহূত হলেও কর্তৃপক্ষ কিছু বলছে না।নির্মাণাধীন ভবনে ফাটল ও কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প সুপারভাইজার আলম মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কাজে কোনো অনিয়ম হচ্ছে না। তবে ফাটলের অবস্থা দেখতে লোক পাঠানো হয়েছে।’সময়সীমা শেষ হলেও কাজ শেষ হয়নি কেন—জানতে চাইলে আলম মিয়া বলেন, ‘অর্থ বরাদ্দে সমস্যা থাকায় কাজ শেষ করা যায়নি।’কাজের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের সংশ্লিষ্টতা ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে স্থানীয় (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুড়ি) সাংসদ রেবেকা মমিন প্রথম আলোকে বলেন, ‘কাজ করলে সামান্য ত্রুটি-বিচ্যুতি হওয়াই স্বাভাবিক। বিরোধীরা তিল থেকে তাল বানাচ্ছে। সুষ্ঠু কাজের স্বার্থে আমি নিয়মিতই খোঁজখবর নিচ্ছি।’