কাজ সওজের, বিল ঠিকাদারের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় পাঁচটি সড়ক মেরামতের নামে ৭৩ লাখ ৬৪ হাজার টাকা খরচ দেখিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলী সওজের নিজস্ব ট্রাক, রোলার ও শ্রমিক দিয়ে মেরামতকাজ করালেও পাঁচজন ঠিকাদারের নামে বিল তুলে নিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একাধিক ঠিকাদার অভিযোগ করেন, গোপন দরপত্র আহ্বান করে কাগজকলমে তাঁদের নামে কাজ দেখানো হয়। কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করে তাঁদের না জানিয়েই বিল তোলে সওজ।জানতে চাইলে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ঠিকাদারের নামে বিল উত্তোলন ও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন। উন্মুক্ত দরপত্র আহ্বান করে নিজস্ব ব্যবস্থাপনায় ঠিকাদারের মাধ্যমে কাজ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে টাকা না তুললে ফেরত যেত। তাই একটি সড়ক মেরামত বাবদ ২২ লাখ টাকা বিল তোলা হয়েছে। পরে কাজ করা হবে।গাইবান্ধা সওজ জানায়, গত জুনের প্রথম সপ্তাহে পাঁচটি সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণে দরপত্র আহ্বান করা হয়। কাজ সম্পন্ন করার শেষ সময় ছিল ৩০ জুন। এর মধ্যে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কাঠপট্টি এলাকায় দুটি অংশে ১২৫ ফুট সড়ক মেরামতে নয় লাখ ২৮ হাজার টাকা; গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের বিভিন্ন অংশ মেরামতে ২২ লাখ টাকা; গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের কাজিরবাজার এলাকায় প্রায় ২০ ফুট, গোডাউন বাজার এলাকায় ৩০ ফুট ও নাকাইহাট বড় ব্রিজ এলাকায় ২০ ফুট সড়ক মেরামতে ১৪ লাখ ৭৫ হাজার টাকা, পলাশবাড়ী-ঘোড়ারঘাট সড়ক মেরামতে ২৩ লাখ ২৯ হাজার টাকা এবং গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক মেরামতে ৪ লাখ ৩২ হাজার ৬২৮ টাকা ব্যয় দেখানো হয়।গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক মেরামতের ব্যাপারে খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখ সামাদ বলেন, ‘আমার ইউনিয়নের কাঠপট্টিতে সড়ক বিভাগকে নিজস্ব ব্যবস্থাপনায় সামান্য মেরামত করতে দেখেছি।’গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক মেরামতে যে পরিমাণ কাজ হয়েছে, তাতে কত খরচ হতে পারে—এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল এলজিইডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও খোলাহাটির বাসিন্দা রমজান আলীর কাছে। তিনি বলেন, ‘ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এক লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়।’ অথচ ওই সড়ক মেরামতে নয় লাখ ২৮ হাজার টাকা খরচ দেখিয়েছে সওজ।সওজ কর্তৃপক্ষ ঠিকাদার মতলুবর রহমান, টিটু মিয়া, মুস্তাক আহমেদ, রুমেল ও মেহেদী হাসানের নামে বিল তুলেছে। এঁদের মধ্যে প্রথম দুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সওজের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছেন। তবে মতলুবর স্বীকার করেন, ‘আমি কোনো কাজ করিনি কিন্তু আমার নামে ২৫ হাজার টাকার বিল তোলা হয়েছে।’