কাজ সমান, তবু মজুরি অর্ধেক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পানপাড়া সড়কে গতকাল সোমবার মেরামতের কাজ করছিলেন কোহিনুর বেগম, লাকি আক্তার, নুরজাহান বেগম ও শেফালী বেগম। তাঁদের কেউ গর্ত ভরছিলেন, কেউ বা আগুনে বিটুমিন গরম করে পিচ তৈরি করছিলেন। একই কাজ করেছেন ১৫-২০ জন পুরুষ শ্রমিকও। কিন্তু দিন শেষে পুরুষ শ্রমিকেরা পান জনপ্রতি ২৫০ টাকা, আর নারীরা পান ১৩০ টাকা করে।সড়ক মেরামতকাজের ঠিকাদারের প্রতিনিধি জাকির হোসেন বলেন, নারী শ্রমিকেরা পুরুষের সমান কাজ করতে পারেন না। এ জন্য তাঁদের মজুরি অর্ধেক।নারী শ্রমিক শেফালী বেগমের দাবি, তাঁরা পুরুষের সমান কাজ করছেন। অনেক সময় কাজ বন্ধ করে পুরুষ শ্রমিকেরা ১৫-২০ মিনিট চা-সিগারেট পান করেন। কিন্তু তাঁরা তখনো কাজ করেন।উপজেলার চরঘাসিয়া গ্রামে সয়াবিনখেতে আগাছা পরিষ্কার করছিলেন মরিয়ম বেগম। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘সহাল নয়ডায় আইছি। তিনডা হর্যন্ত কাজ কইরাম। এল্যাই মালিক অ্যারে ১২০ টেয়া দিবে। অ্যার পুরুষরা পাইব ২৫০ টেয়া।’মহিলাবিষয়ক কর্মকর্তা শিউলি আক্তার বলেন, নারীরা পুরুষ শ্রমিকের সমান মজুরি পান না, তা সত্যি। কিন্তু সমান মজুরি আদায়ে নারী শ্রমিকেরা কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।