কাজ সমান, মজুরি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ঢালাইখানা (ফাউন্ড্রি) ও হালকা প্রকৌশল শিল্পকারখানাগুলোতে দিনভর পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সমান কাজ করছেন নারীশ্রমিকেরা। কিন্তু দিন শেষে মজুরি পাচ্ছেন পুরুষের চেয়ে অনেক কম। মজুরি-বৈষম্যের শিকার হয়েও বছরের পর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এসব কারখানার নারীশ্রমিকেরা।
বাংলাদেশ ফাউন্ড্রি মালিক সমিতি সূত্রে জানা গেছে, বগুড়ার ঢালাইখানা ও হালকা প্রকৌশল শিল্পে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করছেন। এর মধ্যে নারীশ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার।
গত মঙ্গলবার জেলার বিসিক শিল্পনগরের কয়েকটি কারখানায় গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষশ্রমিকেরা একসঙ্গে কাজ করছেন। নারীশ্রমিকেরা টিউবওয়েলে রং লাগানোর মতো কাজ করছেন মুখোশ ছাড়াই। শ্রম আইন লঙ্ঘন করে কোনো কোনো কারখানায় দৈনিক আট ঘণ্টার পরিবর্তে নয় থেকে দশ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয় বলে জানা গেল।
শিবগঞ্জ উপজেলার পন্তা-লয়পাড়ার রিকশাচালক ঠান্ডা মিয়ার স্ত্রী শাহেদা বেগম ১৭ বছর ধরে কাজ করছেন একটি কারখানায়। দৈনিক নয় ঘণ্টা কাজ শেষে তিনি মজুরি পান ১৭০ টাকা। একই কারখানায় ছয় মাস ধরে কাজ করছেন মীর আলম শেখ। তিনি মজুরি পাচ্ছেন ২০০ টাকা। জয়পুরপাড়ার নিপা বেগম সাত মাস আগে কাজ নেন বিসিক এলাকার একটি কারখানায়। দিন শেষে তিনি মজুরি পান ১৩০ টাকা।
গাবতলী উপজেলার মধ্যকাতুলী গ্রামের লিপি বেগমকে ফেলে তাঁর স্বামী আবুল হোসেন নিরুদ্দেশ হয়েছেন বেশ কয়েক বছর। নিরুপায় হয়ে তিনি কাজ নেন বিসিক এলাকার একটি কারখানায়। দিন শেষে তিনি মজুরি পান ১৩০ টাকা। ওই টাকা দিয়েই সংসার চালানোর পাশাপাশি দুই সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হয় তাঁকে। আট বছর আগে মধ্যকাতুলী গ্রামের শাহিদা বেগম একটি কারখানায় ৩০ টাকা মজুরিতে কাজ নিয়েছিলেন। এখন তাঁর মজুরি বেড়ে হয়েছে ১৩০ টাকা। একই কারখানায় নওদাপাড়ার বাবলু মিয়া দুই বছর ধরে কাজ করছেন। তিনি মজুরি পাচ্ছেন ২৫০ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুল হক সোহেল প্রথম আলোকে বলেন, শিল্পমালিকেরা সব সময়ই নারীশ্রমিকদের ন্যায্য মজুরির প্রতি গুরুত্ব দিয়ে থাকেন। কর্মক্ষেত্রে সমান অধিকার ও কাজের সুযোগ নিশ্চিত করতে ফাউন্ড্রি শিল্পে নারীশ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য-ঝুঁকির দিক বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভারী কাজ ও টেকনিক্যাল কাজের বদলে হালকা ও সহজ কাজের সুযোগ দেওয়া হচ্ছে নারীদের। ভারী কাজ করানো হচ্ছে পুরুষশ্রমিকদের দিয়ে। সেই তুলনায় মজুরি-পার্থক্য বেশি নয়।