
গত শুক্রবার। বেলা ১১টা। শুঁটকিমহালে কাজ করছেন জনা বিশেক নারী। কড়া রোদে খোলা আকাশের নিচে মাছ পরিষ্কারে ব্যস্ত তাঁরা। দম ফেলার ফুরসত নেই। পাশে আরেক দল পরিষ্কার করা মাছ শুকাতে দিচ্ছে বাঁশের মাচায়। একই কাজ করছেন পুরুষেরাও। এই চিত্র কক্সবাজারের নাজিরারটেকের একটি শুঁটকিমহালের।
কিন্তু কাজ শেষে বাড়ি ফেরার সময় নারীর হাতে জুটছে বৈষম্যের মজুুরি। কাজ সমান করেও পুরুষের অর্ধেক মজুরি পান তাঁরা। এভাবে
চলছে দিনের পর িদন। শুঁটকিমহালের নারীশ্রমিকদের সঙ্গে কথা বলে পাওয়া যায় এই বৈষম্যের চিত্র।
শুঁটকিমহালের শ্রমিক সলিমা খাতুন (৪৬) বলেন, ‘সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে যে মজুরি পাই-তা দিয়ে পাঁচ সদস্যের সংসার চলে না। তার পরও পেটের দায়ে অসুস্থ পরিবেশে কাজ করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, শুঁটকিপল্লিতে পুরুষেরা বেতন নেন দিনে ৩০০ থেকে ৩৫০ টাকা। সমপরিমাণ কাজ করে আমরা পাই অর্ধেক মজুরি—১২০ থেকে ১৫০ টাকা।’ দেখা গেছে, নাজিরারটেক, ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া উপকূলে শুঁটকিমহাল রয়েছে তিন শতাধিক।
প্রতিদিন এসব মহালে অন্তত তিন হাজার শ্রমিক শুঁটকিমহালে কাজ করছেন। এর মধ্যে নারীর সংখ্যা প্রায় দুই হাজার।
জয়নাব বিবি নামের এক শ্রমিক জানান, তিন বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় স্বামী নিখোঁজ হন। এরপর সংসারের হাল ধরতে তাঁকে শুঁটকিমহালে কাজ করতে হচ্ছে। সারা দিন পরিশ্রম করে ১৫০ টাকার বেতন পান। প্রতিবাদ করেন না চাকরি হারানোর ভয়ে। তখন ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে।
শ্রমিকেরা জানান, শুঁটকিপল্লিতে কাজ করা নারীশ্রমিকদের বেশির ভাগ বিধবা, তালাকপ্রাপ্ত ও অসহায়। এ জন্য তঁাদের কম মজুরি দিলেও কেউ প্রতিবাদ করার সাহস পান না। আবার কিছু মহালে বৃদ্ধ নারী ও শিশুদের আরও কম টাকায় নিয়োগ দেওয়া হয়।
হাসিনা নামের আরেক শ্রমিক জানান, খোলা আকাশের নিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তিনি ১২০ টাকা বেতন পান। এই বেতন দিয়ে অসুস্থ স্বামীর চিকিৎসা আর ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ চোখের সামনে সমপরিমাণ কাজ করে পুরুষেরা বেতন নিচ্ছেন ৩৫০ টাকা।
নারীদের অর্ধেক কম মজুরি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ফদনারডেইল এলাকার একটি শুঁটকিমহালের ব্যবস্থাপক নুরুল আলম জানান, তাঁর মহালে বর্তমানে ৩১ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে নারী ১৭ জন। পুরুষের তুলনায় নারীরা কাজ কম করেন বলে মজুরি অর্ধেক নির্ধারণ করা হয়। তা ছাড়া অনেক নারী ভারী কাজ করতে পারেন না।
স্থানীয় পৌর কাউন্সিলর আকতার কামাল জানান, সমুদ্র উপকূলের নাজিরারটেক, ফদনারডেইল, নুনিয়াছটা, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়ায় প্রায় ৬০ হাজার ভাসমান মানুষের বসবাস। দৈনিক কাজ করতে না পারলে অনেকের সংসারে ভাত জোটে না। এ কারণে কম মজুরিতে নারীদের কাজ করতে হচ্ছে। তা ছাড়া দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে শুঁটকির বিপণন কমে গেছে। এ কারণে বহু নারীশ্রমিক বেকার। শুঁটকির বিপণন বৃদ্ধি পেলে শ্রমিকদের বেতন-ভাতাও বাড়বে।
নারী অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা বিকশিত নারী নেটওয়ার্কের প্রধান নির্বাহী শামীম আকতার বলেন, ‘নারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে শুঁটকিমহালের মালিকেরা তাঁদের ঠকাচ্ছে। এই বৈষম্য চলে আসছে দীর্ঘদিন ধরে। নারীর পর্যাপ্ত মজুরি নিশ্চিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’