‘ভাই, আমাগের দুঃখের কথা কবেন না। রাস্তা কাটে খাল বানায়ে থুইছে।’ যশোরের কেশবপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক পাকা করার জন্য পাঁচ মাস আগে মাটি খোঁড়েন ঠিকাদার। কাজ সম্পন্ন করার সময়সীমা শেষ হয়েছে। কিন্তু তেমন কোনো কাজ হয়নি। এই প্রেক্ষাপটে এ মন্তব্য করেন উপজেলার পাঁচারই গ্রামের কৃষক শামছুর রহমান।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বৃহত্তর যশোর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মঙ্গলকোট ইউপি থেকে বুড়ুলিয়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা ১ কোটি ৩ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের বনান্তর ট্রেডিং করপোরেশনকে কার্যাদেশ দেওয়া হয়। গত বছরের ২৪ নভেম্বর শুরু হয়ে গত ২৪ মে এ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার তেমন কোনো কাজ করেননি।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি প্রায় দুই ফুট খুঁড়ে রাখা হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তার বেশির ভাগ অংশে কাদার সৃষ্টি হয়েছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এই রাস্তা দিয়ে পাঁচারই, পাথরা, ঘাঘা বুড়ুলিয়া গ্রামের লোকজন উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। রাস্তার পাশেই চারটি বিদ্যালয় রয়েছে। এ ছাড়া কেশবপুরের একমাত্র বিনোদনকেন্দ্র এসবি গার্ডেন পার্কও এই রাস্তার পাশে অবস্থিত।
কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের অঞ্চলে কৃষিপণ্য ভালো হয়। এসব পণ্য কেশবপুর অথবা চুকনগর বাজারে নিয়ে বিক্রি করতে আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা কেটে রাখায় ভ্যান চলতে পারে না। তাই মাথায় করেই কৃষিপণ্য বাজারে নিতে হয়।’
পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তাজ উদ্দীন বলেন, ‘বৃষ্টি হলেই আমাদের স্কুলের উপস্থিতি কম হয়ে যায়। ছেলেমেয়েরা কাদা পানির মধ্য দিয়ে স্কুলে আসতে চায় না।’
একই দিন ঠিকাদারি প্রতিষ্ঠান বনান্তর ট্রেডিং করপোরেশনের মালিক আবু সাঈদ বলেন, ‘বৃষ্টির কারণে আমরা একটু ধরা খেয়ে গেছি। খুব দ্রুততম সময়ের মধ্যে কাজটি শেষ করার চেষ্টা করছি।’
গত বুধবার জানতে চাইলে এসবি গার্ডেনের মালিক সফিকুল ইসলাম বলেন, ‘জানুয়ারি থেকে রাস্তা কেটে রাখায় চলতি বছর আমার ব্যবসায় ধস নেমেছে। প্রতিবছর ৭০ থেকে ৮০টি গাড়ি আমার পার্কে আসে। কিন্তু এ বছর একটি গাড়িও আসতে পারেনি।’ তিনি আরও বলেন, গত মঙ্গলবার রাস্তার ২০ থেকে ৩০টি অংশে বালু ফেলা হয়। কিন্তু এরপর আর কোনো কাজ করা হয়নি।
এর আগে সোমবার জানতে চাইলে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারকে চারটি তাগিদপত্র দিয়েছি। কিন্তু তাতেও কাজ হয়নি। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা কাজটি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছি।’