কাজ স্থগিত থাকা রাস্তার নির্মাণ সম্পন্ন
অবশেষে সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামাড়া গ্রামের স্থানীয় সরকার সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপির) সড়ক নির্মাণকাজ নিয়মমাফিক সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রকৌশলীর উপস্থিতে কংক্রিটের ঢালাইকাজ সম্পন্ন হয়।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, এলজিএসপির অর্থায়নে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে আসলাম অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান এই সড়কের কাজ করছে। কিছুটা ত্রুটির কারণে কাজ বন্ধ ছিল। গতকাল রোববার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ও সিডিউল অনুযায়ী ঢালাই সম্পন্ন হয়।
উপজেলা প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, এর আগে দেওয়া পুরোনো ঢালাই তুলে নির্ধারিত মানের রড ও ইট বিছিয়ে গাইড ওয়াল দিয়ে ঢালাই করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের ডিএফ মুক্তি রানী ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
নির্মাণকাজ পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বুগং বলেন, গতকাল ওই সড়কের ঢালাইকাজের জন্য উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিকে পাঠানো হয়। তাঁর উপস্থিতিতে ঢালাইকাজ সম্পন্ন হয়। পরে বিকেলে কাজটি পরিদর্শন করা হয়েছে।
সদর উপজেলার ভেওয়ামারা পাকা রাস্তা থেকে শরীফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সড়কটির নির্মাণকাজ ইট না বিছিয়ে ও গাইড ওয়াল না করে কিছু স্থানের আরসিসি ঢালাই সম্পন্ন করা হয়। এ অবস্থায় অনিয়মের অভিযোগে উপজেলা প্রশাসন নির্মাণকাজটি বন্ধ করে। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।