কাজ হয় কর্মকর্তাদের বাসভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলা পরিষদ ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ কারণে উপজেলা পরিষদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজ চলছে কর্মকর্তাদের বাসভবনে। এদিকে কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই মাসের অধিকাংশ সময় কর্মস্থলে থাকেন না বলে অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ ভবনের সব কক্ষে তালা ঝুলছে। ভবন প্রাঙ্গণে গরু চরছে। মো. ইলিয়াস ও রবীন্দ্র বড়ুয়া নামের দুই ব্যক্তি বলেন, অনেক বছর ধরে এভাবে উপজেলা পরিষদ ভবনের কক্ষগুলোতে তালা ঝুলছে। কর্মকর্তাদের সবাই বাসভবনে বসে দাপ্তরিক কাজ করেন।উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদ ভবন আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে পানি পড়ে। তাই সেখানে দাপ্তরিক কাজ করা সম্ভব নয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান কামলাই ম্রো ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছালেহ আহমদ বাসভবনে দাপ্তরিক কাজ চালানোর কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, নতুন ভবন নির্মাণ প্রকল্প অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন।এদিকে স্থানীয় অনেক বাসিন্দার অভিযোগ, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই মাসের শেষ দিন বেতন নিয়ে থানচি ত্যাগ করেছেন। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী সারা মাস কর্মস্থলে আসেন না। এভাবেই চলছে থানচির সরকারি কার্যালয়গুলো।থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উবামং মারমার অভিযোগ, ইউএনওসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী মাসের অধিকাংশ সময় কর্মস্থলে না থাকায় উপজেলাবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে।এলজিইডির উপসহকারী প্রকৌশলী মেজবাহ কবীর জানান, ইউএনও নাইক্ষ্যংছড়ির অতিরিক্ত দায়িত্বে থাকায় তিনি সেখানে গেছেন। অন্যান্য কর্মকর্তার অনেকে ভারপ্রাপ্ত অথবা অতিরিক্ত দায়িত্বে থাকায় তাঁদের দুই-তিন উপজেলার কাজ সামাল দিতে হয়।ইউপি চেয়ারম্যান কামলাই ম্রো বলেন, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটা সত্যি। কিন্তু কার্যালয় ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁদের কর্মস্থলে থাকতে বাধ্যও করা যাচ্ছে না।জেলা প্রশাসক মিজানুর রহমান কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক নয় স্বীকার করে বলেন, ১৯৯৫ সালে একজন ইউএনও অপহূত হওয়ার পর থেকে থানচি উপজেলা পরিষদ ভবনে দাপ্তরিক কাজ করা হয় না। নিরাপত্তাজনিত কারণে ওই সময় থেকে থানচি ইউএনও কার্যালয়ের জন্য জেলা প্রশাসনের ভবনে একটি কক্ষ দেওয়া হয়েছে।ইউএনও ছালেহ আহমদ বলেন, থানচিতে বিদ্যুৎ-পানির সমস্যা প্রকট। এক কলস পানি সংগ্রহ করতে ১৫ টাকা খরচ করতে হয়। এসব কারণে কর্মকর্তা-কর্মচারীরা এখানে থাকতে চান না।