দেশের হোটেল ও রেস্তোরাঁর ৯৮ শতাংশ শ্রমিককেই আট ঘণ্টার বেশি কাজ করতে হয়। বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৪২ শতাংশ শ্রমিক আট ঘণ্টার বেশি কাজ করেন। দুই খাতেই বাড়তি শ্রমের জন্য শ্রমিকদের বাড়তি অর্থ মেলে না। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। আগামীকাল রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই প্রতিবেদন তুলে ধরবে বিলস।
বিলসের এ গবেষণার সমন্বয়ক মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গবেষণা পর্যালোচনা, জরিপ, দলগত আলোচনা এবং সাক্ষাৎকারের মাধ্যমে এই গবেষণা করা হয়। জরিপে ঢাকার পাঁচটি অঞ্চল থেকে দুটি খাতে মোট ১০০টি প্রতিষ্ঠানের কর্মীদের কাছে সংগঠিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।
লোকমান হোসেন রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁর শ্রমিক। প্রতিদিন তাঁকে নয় ঘণ্টার বেশি কাজ করতে হয়। এর জন্য কোনো বাড়তি অর্থ তিনি পান না। বেতন তিন হাজার টাকা। লোকমান বললেন, ‘ছুটি নিলে বেতন কাটা যায়। এখানে এইটাই নিয়ম। শ্রমিকের আট ঘণ্টার কাজ করার নিয়ম আছে জানি। এখানে এসব মানা হয় না।’
লোকমান যে রেস্তোরাঁয় কাজ করেন এর অবস্থা মোটামুটি ভালো। অন্তত মণিপুরীপাড়ার আওলাদ হোসেন মার্কেটের কাছের একটি রেস্তোরাঁর শ্রমিক আওলাদের তুলনায়। তাঁকে সকাল সাড়ে সাতটায় কাজ শুরু করতে হয়, চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত। বেতন চার হাজার টাকা। এ রেস্তোরাঁর বেশির ভাগ খদ্দের কারখানার কর্মচারী-শ্রমিক। তাই বকশিশ পাওয়ার সৌভাগ্য আওলাদের কমই হয়। তিনি বলছিলেন, ‘মালিক যা কয় না হুনলে চাকরি থাকব না। যে কয় ঘণ্টা কয় তাই খাটোন লাগে।’
বিলসের গবেষণায় দেখা গেছে, ৪২ শতাংশের বেশি শ্রমিক দৈনিক ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করেন। ১১ ঘণ্টার বেশি কাজ করেন ৪০ শতাংশ শ্রমিক। বাকিদের ১১ থেকে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হয়। গবেষণায় ২৬ শতাংশ শ্রমিক নিয়মিত কর্মবিরতি ছাড়াই কাজ করেন।
শ্রমিকের কর্মঘণ্টা আট ঘণ্টা করা এবং শ্রমিকের মর্যাদার জন্য যে ঐতিহাসিক মে দিবসের আন্দোলন হয়েছিল, শ্রমিকেরা সেই দিনটিতেও ছুটি ভোগ করতে পারেন না। এই খাতের ৮৬ শতাংশ শ্রমিক সাপ্তাহিক ছুটি পান না এবং মে দিবসেও কাজ করেন ৮২ শতাংশ শ্রমিক।
এ গবেষণার তথ্য অনুযায়ী, হোটেল ও রেস্তোরাঁর ৯০ শতাংশ শ্রমিকের কোনো নিয়োগপত্র নেই।
ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘নিয়োগপত্র একজন শ্রমিকের প্রাথমিক প্রাপ্য জিনিস। এটি না থাকলে তাঁকে অধিকার থেকে বঞ্চনা করা সহজ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, নিয়োগপত্র পেলেও সেখানে শ্রমিকের কাজে যোগ দেওয়ার তারিখ থাকে না। তাঁকে বঞ্চিত করার জন্যই এটি করা হয়।’
ছোট, মাঝারি ও বড়—সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে প্রায় দেড় লাখ হোটেল ও রেস্তোরাঁ আছে বলে এই গবেষণায় উল্লেখ করা হয়েছে।এসব প্রতিষ্ঠানে কাজ করা শ্রমিকের সংখ্যা নয় লাখের বেশি। জরিপের ফলাফলে দেখা যায়, এই খাতে নারী শ্রমিকের সংখ্যা ২২ শতাংশ। এ খাতের ৪ শতাংশ শ্রমিক ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত। শ্রমিকদের ৩৪ শতাংশ দৈনিক ভিত্তিতে মজুরি আয় করেন। ৯০ শতাংশ শ্রমিকের মাসিক মজুরি সাড়ে ৭ হাজার থেকে সাড়ে ১৭ হাজার টাকার মধ্যে।
শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানোর বিষয়টি ‘সর্বাংশে সত্য না’ বলে অভিমত দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম। নিয়োগপত্র না দেওয়ার প্রসঙ্গে তিনি এ খাতের শ্রমিকদের দ্রুত আসা-যাওয়া এবং এই খাতকে এখনো শিল্প হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণকে তুলে ধরেন।
তবে শ্রম অধিকারকর্মী এবং বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, যদি মালিকেরা শ্রমিকদের স্থায়ী নিয়োগপত্র দিতেন, তবে রেস্তোরাঁ খাতে শ্রমিকদের দ্রুত আসা-যাওয়া ঘটত না। মালিক হিসেবে তাঁদের উচিত, বরং নিয়োগ দিয়ে শ্রমিকের সুন্দর জীবন নিশ্চিত করা। তিনি বলেন, বেশি সময় ধরে কাজ করানো এবং নিয়োগ না দেওয়া শ্রমিকদের প্রতি মালিকের অবহেলার উদাহরণ।
বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার-প্যাথলজি ল্যাব
বিলসের গবেষণায় দেখা গেছে, এই খাতটির ৬৮ শতাংশ শ্রমিক নারী। এখানে ৩২ শতাংশ শ্রমিকের কোনো নিয়োগপত্র নেই। ৪২ শতাংশ শ্রমিক দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করেন। ৭২ শতাংশ শ্রমিকই মে দিবসের ছুটি পান না। এ খাতে কর্মরত শ্রমিকদের সংগঠন বা ইউনিয়ন-সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি বলে বিলসের গবেষণায় উল্লেখ করা হয়।
রেস্তোরাঁ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সময়ের চেয়ে অধিক সময় শ্রমিক খাটানো এবং নিয়োগপত্র না দেওয়ার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার বলেন, ‘দুই খাতেই শ্রম আইনের পরিপন্থী কাজ হচ্ছে সন্দেহ নেই। তবে এসব বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য আমাদের পরিদর্শকের সংখ্যা বাড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, এই দুই খাতের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার নিয়ে কম কথা হয়। তাদের উচিত এসব বিষয়ে সজাগ হওয়া।
নিয়োগ না দেওয়ার জন্য এসব খাতের মালিকদের চিহ্নিত করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না—এ প্রসঙ্গে শ্রমসচিব বলেন, ‘না, নেওয়া হয়নি।’