কাজকে ভালোবাসো, স্বপ্ন দেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের এমন মেধাবী দরকার নেই, যার কাজে উৎসাহ নেই। উৎসাহ নিয়ে কাজ করলে সাফল্য আসবেই। ভালোবেসে কাজ কোরো, আর সব সময় মনে রেখো দেশের মানুষের কথা।’ দ্বিতীয় বৌদ্ধ যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেই তরুণদের উদ্দীপ্ত করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। গতকাল শুক্রবার জাতীয় শিশু একাডেমীতে দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করে বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধধর্মাবলম্বী তরুণ-তরুণীরা এই উৎসবে যোগ দেন। উৎসবের আয়োজনে বেলুন ওড়ানো, ফুল ছিটানো সবই ছিল। তবে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বারবার ফিরে এসেছে রামু, উখিয়া, পটিয়া প্রভৃতি এলাকায় সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ। অংশগ্রহণকারীদের অনেকেই বুকে ধারণ করেছিলেন শোকের চিহ্ন কালো ব্যাজ। তরুণ-তরুণীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘মন খারাপ কোরো না। মন খারাপ করলে মানুষ দুর্বল হয়ে যায়। দেশের বেশির ভাগ মানুষ ভালো থাকতে চায়। তাঁরা সবাই তোমাদের সঙ্গে। তোমরা যদি নিজেদের নিঃসঙ্গ ভেবে কাজের স্পৃহা হারাও তা হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।’ জাফর ইকবাল বলেন, যারা রামুর ঘটনা ঘটিয়েছে তারা সব সময় বাংলাদেশকে অসম্মান করতে চায়। একাত্তরে তারা দেশের ক্ষতি করেছে। এখন আবার দেশকে অপদস্থ করার টেষ্টা করছে। এই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত থাকতে তিনি তরুণদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী শুধু মহামতী বুদ্ধের মূর্তি ধ্বংস করেনি, ব্যবচ্ছেদ করেছে মানবতার। বিশেষ অতিথি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক, ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় বুদ্ধের জীবনদর্শন অনুকরণীয় বলে মন্তব্য করেন। চারু উত্তম বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনার অধিবেশনে আরও বক্তব্য দেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, অভিজিৎ বড়ুয়া প্রমুখ। দুপুরে একটি বিশেষ অধিবেশনে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার শরত কে ওয়ারেগোদা, ভুটানের রাষ্ট্রদূত কর্ম এস শোসার এবং ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধানন্দ মহাথের।অনুষ্ঠানে ক্ষমা করো হে বুদ্ধ এবং এ ট্রিবিউট টু রামু শীর্ষক দুটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।