কাজটি ভালো করেননি আইভী: খোকন
নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। জেলা আইনজীবী সমিতিরও সাধারণ সম্পাদক তিনি। সিটি করপোরেশন নির্বাচনে তিনি শামীম ওসমানের পক্ষে কাজ করছেন।খোকন সাহার দাবি, সেলিনা হায়াৎ আইভী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন। কিন্তু কাজটি তিনি ভালো করেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। খোকনের দাবি, আইভী আওয়ামী লীগের কোনো ভোটই পাবেন না।গতকাল রোববার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খোকন সাহা। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত কি না, জানতে চাইলে তিনি বলেন, নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি নেই। সবাই শামীম ওসমানের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, ‘অনেক বড় বড় লোক অতীতেও দলের বিরুদ্ধে গেছে। কিন্তু তাঁরা হারিয়ে গেছে। দলের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারবে না।’একাধিক প্রার্থীর কারণে ভোটের ফলাফলে কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে খোকন সাহা বলেন, ‘প্রশ্নই আসে না। কারণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেউ আইভীর সঙ্গে নেই।’ সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, ‘সেনা মোতায়েন হওয়া বা না হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।’ তিনি মনে করেন, নির্বাচনে শামীম ওসমানের সঙ্গে তৈমুর আলম খন্দকারের লড়াই হবে। শামীম ওসমান বিপুল ভোটে বিজয়ী হবেন।‘শামীম ওসমানের বিরুদ্ধে তো সন্ত্রাসসহ অনেক অভিযোগ, এ বিষয়ে আপনাদের মতামত কী?’ খোকন সাহা বলেন, ‘এগুলো তো সব আপনাদের, মানে মিডিয়ার সৃষ্টি।’