কাজলা ও সোনারামপুর ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।
সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে ওই দুটি ইউপির নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
কাজলা ইউপির নির্বাচন স্থগিতের আদেশ চেয়ে একটি রিট মামলার শুনানি শেষে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদালতের আদেশের অনুলিপি গতকাল সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়। এ ছাড়া নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবেও নির্দেশ দেওয়া হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজলা ইউপির মঙ্গলবারের পূর্বনির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
এদিকে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। আজ মঙ্গলবার এ নির্বাচন হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোনারামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা রবিস মিয়া গুচ্ছগ্রামটিকে পার্শ্ববর্তী দরিয়াদৌলত ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য গত বছরের ৭ অক্টোবর উচ্চ আদালতে একটি রিট করেন। ওই রিটের নিষ্পত্তি না করে সোনারামপুর ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করায় ২ মার্চ নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন রবিস মিয়ার আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি এ কে এম শহীদুল হকের দ্বৈত বেঞ্চ সোনারামপুর ইউপির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। গতকাল এ-সংক্রান্ত একটি চিঠি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছানোর পর গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্বাচন স্থগিত করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস বলেন, সীমানা-সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের আদেশে সোনারামপুর ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।