কাজি অপসারণের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলায় তিন কাজি অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বাল্যবিবাহ পড়ানোর দায়ে কাজি খায়রুল বাশার, তাঁর সহযোগী মজিবর রহমান ওরফে মজিদ এবং গোলাম মোস্তফাকে অপসারণের দাবিতে ওই স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল রোববার বেলা তিনটায় বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক দলের সদস্যরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার রাতে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে কড়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে একই এলাকার মোটর মেকানিক সাইফুল ইসলামের (১৮) সঙ্গে বিবাহের আয়োজন করে দুই পরিবার। ওই বিয়ের জন্য বয়স প্রমাণের ভুয়া কাগজপত্র দেখিয়ে বিয়ে দিতে সহযোগিতা করেন ওই এলাকার কাজি খায়রুল বাশার। তাঁর সহযোগী হিসেবে কাজ করেন কাজি মজিবর রহমান ওরফে মজিদ এবং গোলাম মোস্তফা। এ ঘটনায় এলাকাবাসী তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক দলকে বিষয়টি জানান। এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মিয়ার কাছে স্মারকলিপি দেয় তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক।
সদস্যরা বাল্যবিবাহ দেওয়ায় সহযোগিতা করার অভিযোগে কাজিদের তাঁদের পদ থেকে অপসারণের জোর দাবি জানান। একই সঙ্গে তাঁদের শাস্তিও দাবি করেন তাঁরা।