চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভুয়া জন্মসনদের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে নিকাহ রেজিস্ট্রার ও মেয়ের বাবাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই দণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর সঙ্গে পৌর সদর উত্তর ধুরুং গ্রামের একটি ছেলের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। ১৩ সেপ্টেম্বর তাদের দুজনের আক্দ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরে বাল্যবিবাহের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। আজ মঙ্গলবার বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল আজম বলেন, ‘লোকজনের অভিযোগের ভিত্তিতে মেয়ের জন্মসনদ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, প্রকৃত সনদে তার জন্মতারিখ ১৯৯৯ সালের ১৫ জুন। কিন্তু, সেখানে ঘষামাজা করে ১৯৯৯-এর স্থলে ১৯৯৫ করা হয়েছে। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করি।’
ইউএনও নজরুল ইসলাম বলেন, ভুয়া সনদের বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় নিকাহ রেজিস্ট্রার ও কাজি এবং মেয়ের বাবা উভয়কে দণ্ড দেওয়া হয়।
ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভুঁইয়া বলেন, গতকাল সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়।