কাজিপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের কাজিপুরের কুনকুনিয়া গ্রামে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর মা রহিমা খাতুন বৃহস্পতিবার কাজিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।গৃহবধূর স্বজনেরা জানান, কয়েক বছর আগে কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের পিয়ার আলীর মেয়ে ফুলপরীর সঙ্গে একই গ্রামের তালেবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তালেব তাঁর স্ত্রী ফুলপরীকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন। তাঁদের পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে। ফুলপরীর মায়ের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে খাওয়াদাওয়ার পর তালেব ফুলপরীকে বেদম মারধর করেন। একপর্যায়ে তালেব তাঁকে (ফুলপরী) শ্বাসরোধ করে হত্যা করেন। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় বলেন, ফুলপরীর মাথায় ক্ষতচিহ্ন দেখা গেছে। এ ছাড়া ফুলপরীর শরীরের বিভিন্ন অংশেও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পেটানোর পর ফুলপরীকে শ্বাসরোধে হত্যা করা হয়। খুনি আবু তালেব ঘটনার পর থেকে পলাতক।