কাজিপুরে পাঁচ বাসায় ডাকাতি আহত ২, ককটেল উদ্ধার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ চত্বরের আবাসিক কোয়ার্টারে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা উপজেলা পরিষদের পাঁচটি বাসা থেকে ১৭ ভরি স্বর্ণ, ৮২ হাজার টাকা ও কয়েকটি মুঠোফোনসেট লুটে নিয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছে।ডাকাতিকালে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। থানা পুলিশ ও আবাসিক ভবনের বাসিন্দারা জানান, রোববার রাত দুইটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত ‘মধুমতি’ ও ‘ইছামতি’ কোয়ার্টারের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে। মধুমতি কোয়ার্টারে থাকা কাজিপুর সদর বিএম কলেজের প্রভাষক জহুরুল ইসলামের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতেরা। জহুরুলের স্ত্রীর চোখ ও হাত বেঁধে ১০ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময় ডাকাতদল ব্যাংক কর্মকর্তা রায়হান আলমের বাসায় ঢুকে তাঁর দুটি মুঠোফোনসেট ও এক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।এরপর ডাকাতেরা ইছামতি ভবনের সাবেদুল ইসলামের বাসায় ঢোকে। সেখান থেকে ২৪ হাজার টাকা ও তাঁর স্ত্রীর দুই ভরি স্বর্ণের গয়না নিয়ে যায়। একই ভবনের ওষুধ কোম্পানির প্রতিনিধি শফিকুল ইসলামের বাসা থেকে দুই ভরি স্বর্ণ, দুটি মুঠোফোনসেট ও ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় বাধা দিলে শফিকুলকে কুপিয়ে জখম করে তারা। এ ছাড়া ওই ভবনের আবু বকর সিদ্দিকের বাসা থেকে দুটি মুঠোফোনসেট, দুই ভরি স্বর্ণালংকার ও ছয় হাজার টাকা নিয়ে যায় ডাকাতেরা। ডাকাতি শেষে দুইটা ৪০ মিনিটের দিকে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রাত দুইটা ৪৭ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ডাকাতেরা চলে যাওয়ার সময় শহিদুল নামে এক ব্যক্তি প্রতিরোধ গড়ে তুললে তাঁকে কুপিয়ে আহত করা হয়। আহত দুজনকেই সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে একটি এবং যে স্থান দিয়ে ডাকাতেরা পালিয়ে গেছে, সেই সড়কে পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।